টানা তিন সেঞ্চুরি করে যা বললেন ফখর

লম্বা ফর্মহীনতার কারণে ক্যারিয়ার প্রায় থমকেই যাচ্ছিল। তবু ফখর জামানের ওপর আস্থা রেখেছিলেন পাকিস্তানের নির্বাচকরা। তার প্রতিদান এখন প্রতিনিয়ত দিয়ে যাচ্ছেন ফখর। টানা তিন ওয়ানডেতে হাঁকিয়েছেন সেঞ্চুরি। সর্বশেষ ২০ ইনিংসে সেঞ্চুরি করেছেন ছয়টি! দেশের হয়ে দ্রুততম তিন হাজার রানের কীর্তি গড়েছেন। কিন্তু কিভাবে নিজেকে ফিরে পেলেন ফখর?

ওয়ানডে ক্যারিয়ারের শুরুতে ১৭ ম্যাচেই চারটি সেঞ্চুরি ছিল ফখরের। পরে ফর্মহীনতা ও ইনজুরি মিলিয়ে দল থেকে বাদও পড়েছিলেন। সেই ফখরই গতকাল শনিবার রাওয়ালপিণ্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেন ১৪৪ বলে ১৮০ রানের ম্যাচ জেতানো ইনিংস। তার ইনিংসেই ৩৩৬ রান টপকে পাকিস্তান ৭ উইকেটের বড় জয় পায়। ম্যাচ শেষে ফখর বলেন, ‘অনুশীলনে সাধারণত টেকনিক নিয়ে কাজ করি। নিজের দুর্বলতার জায়গাগুলো নিয়েও কাজ করি।’

ওভারের ফরম্যাটে পাকিস্তানের একমাত্র ডাবল সেঞ্চুরির মালিক ফখর জামান। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছিলেন ২১০ রানের ইনিংস। ওয়ানডেতে এমন সাফল্যের রহস্য নিয়ে ফকর বলেন, ‘ওয়ানডেতে আমি সাধারণত শুরুতে একটু সময় নিই। এরপর যখন বৃত্তের ভেতরে পাঁচ ফিল্ডার চলে আসে (পাওয়ার প্লে শেষে) তখন কাজটা সহজ হয়ে ওঠে। দল থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে শেষ পর্যন্ত টিকে থাকতে। আমি এটাই চেষ্টা করছি এবং দলের তাতে কাজে লাগছে।’