নাশকতা ঠেকাতে দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি

দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রেক্ষাপটে দেশের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এরই মধ্যে বিমানবন্দরগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

গতকাল বুধবার (১৮ নভেম্বর) বেবিচকের পক্ষ থেকে এই বিশেষ নির্দেশনা দেওয়া হয়। সংস্থাটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ও দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় দেশের সব বিমানবন্দর কর্তৃপক্ষকে সর্বোচ্চ নিরাপত্তা প্রটোকল অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। এর আওতায় বিমানবন্দরের প্রবেশ ও বহির্গমনপথে তল্লাশি জোরদার, ল্যান্ডসাইড এলাকায় নজরদারি বৃদ্ধি এবং সার্বক্ষণিক টহল বাড়ানোর কথা বলা হয়েছে। একই সঙ্গে বিমানবন্দরে প্রবেশকারী সব ধরনের যানবাহনে নিবিড় তল্লাশি চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

বেবিচকের ওই ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ল্যান্ডসাইডের নিরাপত্তা নিশ্চিত করতে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) টহল, নজরদারি ও যানবাহন তল্লাশি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিমানবন্দর থানাকেও আশপাশের এলাকায় পুলিশি টহল জোরদার করতে বলা হয়েছে। এ ছাড়া দেশের যেসব বিমানবন্দরে রাতে ফ্লাইট পরিচালিত হয় না, সেসব স্থাপনায়ও রাতের বেলা টহল ও সার্বক্ষণিক পর্যবেক্ষণ অব্যাহত রাখতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকায় কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) ক্যামেরার নজরদারি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে পুলিশের সঙ্গে বৈঠক করেছে বেবিচক। পুলিশের বিদ্যমান এআই ক্যামেরা নেটওয়ার্কের আওতায় বিমানবন্দর এলাকাতেও ক্যামেরা স্থাপনের পরিকল্পনা রয়েছে। অন্যদিকে, ল্যান্ডসাইডের নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএনও নিজস্ব উদ্যোগে ক্যামেরা স্থাপনের পদক্ষেপ নিচ্ছে।