বাংলাদেশে প্রবেশের জন্য ট্রাভেল পাস পেয়েছেন ভারতে অবস্থানরত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তবে শর্তানুযায়ী তাকে ৩ মাসের মধ্যে দেশে ফিরতে হবে।
মঙ্গলবার (১৩ জুন) বিএনপির মিডিয়া সেলের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানান।
কবে দেশে ফিরবেন জানতে চাইলে সালাহউদ্দিন গণমাধ্যমকে জানান, দেশে ফেরার আগে তিনি ভারতে স্বাস্থ্য পরীক্ষা করাবেন। দীর্ঘদিন ধরে তিনি চিকিৎসকের কাছে যান না। কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করার পর তিনি দেশে ফিরবেন।
সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ গত ৮ বছর ধরে ভারতের শিলংয়ে অবস্থান করছেন। ২০১৫ সালের ৫ জানুয়ারি বিএনপি সারাদেশে লাগাতার অবরোধ কর্মসূচি ঘোষণা করে। তখন সালাহউদ্দিন আহমেদ দলটির মুখপাত্রের ভূমিকায় ছিলেন। ওই বছরের ১১ মার্চ তার স্ত্রী হাসিনা আহমেদ দাবি করেন, ১০ মার্চ রাতে ডিবি পুলিশ পরিচয়ে সালাহউদ্দিনকে তুলে নেওয়া হয়েছে। এ ঘটনায় সারাদেশে রীতিমতো হৈ-চৈ পড়ে যায়। এর ৬৩ দিন পর ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে। বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী গ্রেপ্তার দেখায় মেঘালয় থানা পুলিশ।
একই বছরের ২২ জুলাই ভারতের নিম্ন আদালতে আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে অনুপ্রবেশের দায়ে অভিযোগ গঠন করা হয়। কিন্তু ওই মামলায় তিনি বেকসুর খালাস পাওয়ার পর সরকার পক্ষ আপিল করে। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি এ মামলায় তিনি শিলং জজ কোর্ট থেকে খালাস পান। এ কারণে তার দেশে আসায় কোনো বাধা নেই। পাসপোর্ট না থাকায় সালাহউদ্দিন আহমেদ পরে দেশে ফিরতে ট্রাভেল পারমিটের জন্য গোহাটিতে বাংলাদেশের সহকারী হাই কমিশনে আবেদন করেন।





