জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। শুক্রবার (৩০ মে) বিকেলে এ তথ্য জানা যায়। বিসিবির পরিচালকদের ভোটে নতুন সভাপতি নির্বাচিত হন জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিয়ানক। এ ছাড়া সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়েছেন নাজমুল আবেদীন ফাহিম ও ভাইস প্রেসিডেন্ট হয়েছেন আরেক পরিচালক ফাহিম সিনহা।
নাজমুল হাসান পাপনের জায়গায় নতুন করে সভাপতির চেয়ারে বসেছিলেন ফারুক আহমেদ। আবারও পালাবদল হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। এবার ফারুকের চেয়ারে বসলেন বুলবুল।আটজন বিসিবি পরিচালকের অনাস্থা প্রদানের পর ফারুক আহমেদের কাউন্সিলর মনোনয়ন প্রত্যাহার করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এরপরই অনলাইনে সভা করে বিসিবির পরিচালনা পর্ষদ।
এর আগে, ফারুক আহমেদের জায়গায় নতুন কাউন্সিলর হিসেবে মনোনয়ন দেওয়া হয় বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করে বিসিবির সিনিয়র একজন পরিচালক।





