রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ, বাস টার্মিনালগুলোতে যাত্রীর চাপ

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সড়কপথে রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। বাস টার্মিনালগুলোতে বাড়ছে যাত্রীর চাপ। সেইসঙ্গে বাড়ছে ব্যস্ততাও।

শনিবার (২৩ মে) রাজধানীর মহাখালী, গাবতলী ও সায়েদাবাদ বাস টার্মিনালে সকাল থেকেই ঘরমুখো মানুষের বাড়তি ভিড় দেখা যায়। ঈদের এখনও পাঁচদিন বাকি থাকলেও আগেভাগেই ঢাকা ছাড়ছেন অনেকে।

দূরপাল্লার বাসগুলো নির্ধারিত সময়েই ছেড়ে যাচ্ছে বলে জানিয়েছেন যাত্রীরা। যদিও কিছু রুটে বাড়তি চাপের কারণে ভোগান্তির কথাও বলছেন কেউ কেউ।

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে বাস টার্মিনাল ও মহাসড়কে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা।

মহাখালীর ট্রাফিক ইন্সপেক্টর ওমর ফারুক জানান, যাত্রাপথে চাঁদাবাজি, অতিরিক্ত ভাড়া আদায় কিংবা যানজট নিয়ন্ত্রণে নজরদারি অব্যাহত থাকবে।
এদিকে, ট্রেনের ঈদ যাত্রায় তেমন ভিড় চোখে পড়েনি। প্রতিটি ট্রেনই ফাঁকা। সরকারি ছুটি শুরু না হওয়ায় যাত্রা পথের বিড়ম্বনা এড়াতে অনেকেই আগেভাগে গ্রামে পাঠিয়ে দিচ্ছেন পরিবার।

কোনো ঝক্কি-ঝামেলা ছাড়া ট্রেনে উঠতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন যাত্রীরা। পূর্বাঞ্চলের তুলনায় উত্তরবঙ্গের ট্রেনগুলোতে যাত্রীচাপ কিছুটা বেশি ছিল।

কমলাপুর থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ৪৩টি আন্তঃনগর, ২৩টি লোকাল মেইল ও কমিউটার ট্রেন ছেড়ে যাচ্ছে। ঈদ উপলক্ষে যোগ হয়েছে ৫ জোড়া ঈদ স্পেশাল ট্রেন, যা আগামী রোববার থেকে চলাচল করবে।