নতুন প্রজন্মের অভিনেতাদের মধ্যে শ্রেয়া ভট্টাচার্য এবং সৌম্য মুখোপাধ্যায়ের নাম এখন বেশ আলোচিত। একাধিক কাজের মাধ্যমে ইতিমধ্যেই নিজেদের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন তাঁরা। এবার প্রথমবারের মতো একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন নতুন স্বাধীন সিনেমা ‘কেউ আসবে বলে’-তে।
ছবিটি পরিচালনা করছেন মানস মৈত্র। পেশায় তিনি একজন শিক্ষক। দীর্ঘদিন ধরে ইংরেজি পড়ানোর পাশাপাশি মনে লালন করেছেন সিনেমা নির্মাণের স্বপ্ন। সেই স্বপ্ন থেকেই জন্ম নিয়েছে তাঁর প্রথম ছবি। সীমিত সামর্থ্য আর বন্ধুদের সহযোগিতাকে সঙ্গী করেই শুরু হয়েছিল যাত্রা।
প্রথমদিকে সেকেন্ডহ্যান্ড মোবাইল ফোন দিয়েই শুটিং করার পরিকল্পনা করেছিলেন মানস। পরে বন্ধুদের উৎসাহে ধীরে ধীরে ছবির কাজ এগোতে থাকে। পরিচালকের কথায়, গত আট মাস ধরে তিনি শুধু গল্প আর চিত্রনাট্য নিয়েই কাজ করেছেন। এসআরএফটিআইয়ের কয়েকজন বন্ধুকেও চিত্রনাট্য দেখিয়েছিলেন। তাঁদের উৎসাহই তাঁকে আরও আত্মবিশ্বাসী করে তোলে।
‘কেউ আসবে বলে’ মূলত এক আধুনিক চিত্রকর ও ভাস্করের জীবনকে কেন্দ্র করে তৈরি। গল্পে দেখা যাবে, একই ছাদের নিচে থেকেও দুই মানুষের মধ্যে ধীরে ধীরে দূরত্ব তৈরি হচ্ছে। সম্পর্কের ভাঙন, শিল্পীর সংকট আর আত্মপরিচয়ের লড়াই- সব মিলিয়েই এগোবে ছবির কাহিনি।
এই ছবিতে সৌম্য অভিনয় করছেন এক ব্যর্থ শিল্পীর চরিত্রে, যিনি আবারও নিজের শিল্পজগতে ফিরতে চান। অন্যদিকে শ্রেয়ার চরিত্রটি এক মারওয়ারি পরিবারের মেয়ে, যার মা বাঙালি। ছোটবেলা থেকেই মায়ের দমবন্ধ জীবন দেখেছে সে। সংগীতচর্চার সঙ্গে যুক্ত এই চরিত্র এসরাজ বাজায় এবং গানও করে। দুই শিল্পীমনের মানুষ কীভাবে একে অপরের কাছাকাছি আসে, আবার সময়ের সঙ্গে সম্পর্কের ফাটল তৈরি হয়- সেই গল্পই তুলে ধরা হবে ছবিতে।
ছবির শুটিং হয়েছে ব্যান্ডেলের একটি পুরনো বাড়িতে। এখনও দু’দিনের কাজ বাকি রয়েছে বলে জানিয়েছেন পরিচালক। সংগীত পরিচালনার দায়িত্বে আছেন নীল সরকার।
এদিকে সৌম্য অভিনীত ‘ফুলপিসি ও এডওয়ার্ড’ আগামী সপ্তাহে মুক্তি পাচ্ছে। আর শ্রেয়াকে দেখা যাবে ‘কেউ বলে ডাকাত, কেউ বলে বিপ্লবী’ ছবিতেও। ফলে নতুন এই জুটিকে ঘিরে দর্শকদের আগ্রহ এখন থেকেই বাড়তে শুরু করেছে।





