বিশ্বরাজনীতি ও আন্তর্জাতিক বাজারে বড়সড় পরিবর্তনের হাওয়া। মার্কিন ডলারের বিপরীতে চীনের মুদ্রা ইউয়ানের মান গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধ সমাপ্তির চুক্তি এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ ‘হরমুজ প্রণালী’ পুনরায় খুলে দেওয়ার সম্ভাবনার জের ধরেই বিশ্ববাজারে এই বড় উত্থান ঘটেছে।
দীর্ঘদিন ধরে চলা ভূ-রাজনৈতিক উত্তেজনার পর ইরান যুদ্ধ শেষ করার একটি সম্ভাব্য চুক্তি আর্থিক বাজারে স্বস্তি ফিরিয়ে এনেছে। বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে আবার বাণিজ্যক জাহাজ চলাচল শুরু হওয়ার আশাবোধ বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে, যার সরাসরি ইতিবাচক প্রভাব পড়েছে চীনা মুদ্রার ওপর।
এই বিষয়ে একটি চীনা ব্যাংকের একজন ট্রেডার আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে বলেন, আপাতত এই প্রণালী জুড়ে নৌপরিবহন পুরোপুরি আগের অবস্থায় পুনরুদ্ধার করা হয়তো কিছুটা কঠিন হতে পারে, তবে বাণিজ্য সামান্য শুরু হওয়াও আর্থিক বাজারের জন্য অত্যন্ত ইতিবাচক একটি সংকেত।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী দিয়ে বৈশ্বিক জ্বালানি তেলের একটি বড় অংশ পরিবাহিত হয়। এই পথটি সচল হওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় বিশ্ব অর্থনীতিতে স্থবিরতা কাটার লক্ষণ দেখা যাচ্ছে, যা ডলারের একচ্ছত্র আধিপত্যের বিপরীতে ইউয়ানকে শক্তিশালী অবস্থানে দাঁড় করিয়েছে। সূত্র- আল জাজিরা





