আরিয়ানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ার বিষয়ে মুখ খুললেন রিয়া

মাদককাণ্ডে প্রায় এক মাস আর্থার রোডের জেলে থাকতে হয়েছিল শাহরুখপুত্র বলিউড পরিচালক আরিয়ান খানকে। অন্যদিকে রিয়া চক্রবর্তীও মাদককাণ্ডে ২৮ দিন জেলে ছিলেন। জেল থেকে ছাড়া পাওয়ার পর ছুটে গিয়েছিলেন আরিয়ান খানের কাছে। তার সঙ্গে প্রায়ই নাকি যোগাযোগ করতেন অভিনেত্রী। সম্প্রতি এমন কথাই জানিয়েছেন রিয়া চক্রবর্তী। সেই গুঞ্জন শোনা গেছে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝেও।

রিয়া চক্রবর্তী ও আরিয়ান খান- দুজনের গ্রেফতারের মধ্যে সময়ের ফারাক প্রায় এক বছরের। তাদের দুজনের বিরুদ্ধেই মাদক সংগ্রহ ও সেবনের অভিযোগ ছিল। তাদের আটক থেকে গ্রেফতার হওয়ার মধ্যেও অনেক মিল ছিল। শাহরুখপুত্র জেল থেকে ছাড়া পাওয়ার পর যোগাযোগ করেছিলেন বলে জানিয়েছেন রিয়া চক্রবর্তী।

এদিকে মাদককাণ্ডে গ্রেফতার হওয়ার পর আরিয়ানের জামিনের আবেদন একাধিকবার খারিজ হয়ে যায়। প্রায় এক মাস জেলে থাকতে হয়েছিল শাহরুখপুত্রকে। এবার সেই গুঞ্জনেই সিলমোহর দিলেন রিয়া নিজেই। তিনি বলেন, ‘হ্যাঁ, আমি আরিয়ান খানের সঙ্গে যোগাযোগ করি। কারণ আমি জানি, সেই মুহূর্তে মানসিক অবস্থা ঠিক কেমন থাকে। ওর ঘটনার সঙ্গে আমার ভাই শৌভিকের অনেক মিল রয়েছে। তাই আমি আরিয়ানের সঙ্গে যোগাযোগ করেছিলাম।’

অভিনেত্রী বলেন, তিনি ভাগ্যবতী। কারণ নিজের চারদিকে কিছু ভালো বন্ধু পেয়েছিলেন তিনি, যারা সবসময়ে তার পাশে ছিলেন। যার মধ্যে অন্যতম ছিলেন অভিনেত্রী হুমা কুরেশি ও তার ভাই শাকিব সালিম। এ ছাড়া শিবানী দণ্ডেকর, অনুষা দণ্ডেকরের মতো তারকারা তার পাশে ছিলেন।

রিয়া চক্রবর্তী বলেন, ‘আমার বন্ধুরা কটাক্ষের শিকার হবে জেনেও আমাদের পাশে ছিল। আমার মা-বাবার খেয়াল রেখেছিল ওরাই।’