জেলার বিভিন্ন উপজেলায় দুই দিনের টানা বৃষ্টিতে মাঠে কেটে রাখা আমন ধান পানিতে ডুবে গেছে। ঝিরিঝিরি বৃষ্টির সাথে দমকা হাওয়ায় পাকা ধান হেলে পড়েছে। এতে ফসল ঘরে তোলা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন রাজশাহী জেলার কৃষকেরা।
গতকাল শুক্রবার থেকে শুরু হওয়া হালকা ও মাঝারি ধরনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আজও অব্যাহত রয়েছে। জেলার গোদাগাড়ী, তানোর, পবা, মোহনপুর ও দুর্গাপুরসহ বিভিন্ন উপজেলার বিল ও নিচু জমিতে এখন আমন কাটার ভরা মৌসুম চলছে। অনেক কৃষক ধান কেটে ক্ষেতেই শুকাতে দিয়েছিলেন। আবার কেউ কেউ আঁটি বেঁধে রেখেছিলেন। কিন্তু টানা বৃষ্টিতে এসব জমিতে পানি জমে যাওয়ায় ধান ডুবে গেছে। ক্ষেতে পানি জমে থাকায় ধান পচে চারা গজানোর আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা যায়, এবছর আমন মৌসুমের শুরু থেকেই নানা প্রতিকূলতার মধ্যে আবাদ টিকিয়ে রাখতে হয়েছে। শেষ মুহূর্তে ফলন ভালো হওয়ায় লোকসান পুষিয়ে নেওয়ার স্বপ্ন দেখছিলেন তারা। কিন্তু অসময়ের বৃষ্টিতে কাটা ধান পানিতে তলিয়ে যাওয়ায় উৎপাদন খরচ তোলা নিয়েই শঙ্কা তৈরি হয়েছে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না করা গেলে এবং রোদের দেখা না মিললে, ধানের গুণগত মান নষ্ট হয়ে বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন কৃষকেরা।
কৃষি বিশেষজ্ঞরা জানান, কেটে রাখা ধান দীর্ঘ সময় পানিতে থাকলে শিষ থেকে ধান ঝরে পড়তে পারে। রং কালচে হয়ে অঙ্কুরোদ্গমের ঝুঁকি থাকে। তাই পরিস্থিতি মোকাবিলায় যত দ্রুত সম্ভব ধান উঁচু স্থানে সরিয়ে নিতে এবং জমির পানি নিষ্কাশনের পরামর্শ দেওয়া হয়েছে।
টানা এই আবহাওয়ায় গ্রামীণ হাটবাজার ও কৃষি শ্রমিকদের কাজেও স্থবিরতা নেমে এসেছে। আবহাওয়া দ্রুত স্বাভাবিক হয়ে রোদ উঠলে ক্ষয়ক্ষতি কিছুটা কমিয়ে আনা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বাসসের সাথে আলাপকালে কৃষক আমিন বলেন, ‘আমার জমিতে ধান কেটে রেখেছিলাম। টানা বৃষ্টি কারণে সেগুলো ডুবে গেছে। বৃষ্টি না থামলে অনেক ক্ষতি হয়ে যাবে।’
কৃষক জাহিদুল বাসস’কে বলেন, পাকা ধানের উপর বৃষ্টি হওয়ায় আমরা সমস্যায় মধ্যে পড়েছি। দ্রুত রোদ উঠলে ক্ষতি কিছুটা কম হবে।
রাজশাহী আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রাজীব খান বলেন, ২৪ ঘণ্টায় রাজশাহীতে ৩২.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ শনিবার সকাল ছয়টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৫.৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রোববার ও সোমবার পর্যন্ত এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তবে আগামীকাল থেকে একটু কমার সম্ভাবনা রয়েছে।
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে রাজশাহী জেলার ৯টি উপজেলা ও মহানগরীর দুটি থানাসহ মোট ৮৩ হাজার ৬৭০ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। এসব জমি থেকে মোট ৪ লাখ ৭১ হাজার ৫০০ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ পর্যন্ত প্রায় ৩১ শতাংশ ধান কাটা হয়েছে।





