একসময়ের জনপ্রিয় সংগীত প্রতিযোগিতা ‘ক্লোজআপ ওয়ান’ থেকে পরিচিতি পাওয়া সংগীতশিল্পী মেহরাব দীর্ঘ বিরতির পর নতুন গান নিয়ে ফিরছেন।
আগামী ১১ জুন ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে তার নতুন একক গান ‘ভালোবাসতে কি ভয় হয়’ মুক্তি পেতে যাচ্ছে।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকবি রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর করেছেন মেহরাব নিজে। সমকালীন শ্রোতাদের পছন্দকে মাথায় রেখে গানটির সংগীতায়োজন করেছেন আদিব কবির। প্রেম ও সম্পর্কের সূক্ষ্ম অনুভূতিকে কেন্দ্র করে গানটি তৈরি করা হয়েছে।
গানটির একটি আকর্ষণীয় ভিডিও তৈরি করেছেন নির্মাতা চন্দন রায় চৌধুরী। এই ভিডিওতে মেহরাবের পাশাপাশি মডেল হিসেবে অভিনয় করেছেন জয়া মির্জা ও তন্ময় সাবি।
দীর্ঘদিন পর এমন একটি ভিন্নধর্মী কাজ নিয়ে শ্রোতাদের সামনে আসতে পেরে বেশ উচ্ছ্বসিত মেহরাব।





