হামে শত শত শিশুর মৃত্যু: ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

দেশজুড়ে হামে শত শত শিশুর মৃত্যুর ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

সোমবার (৮ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে কিশোরগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল এই আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে বিষয়টি পরে আদেশের জন্য রেখেছেন।

মামলায় অন্য যাদের আসামি করার আবেদন জানানো হয়েছে, তারা হলেন— সাবেক স্বাস্থ্য সচিব সাইদুর রহমান, প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডা. আবু জাফর।

আদালতে বাদীপক্ষের আইনজীবী হিসেবে শুনানি করেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি গোলাম মোস্তফা খান।

আবেদনে অভিযোগ করা হয়েছে, যথাযথ স্বাস্থ্য ব্যবস্থাপনা ও টিকাদানের অভাবে দেশে হামের প্রকোপ ছড়িয়ে পড়ে এবং এতে বিপুল সংখ্যক মৃত্যুর ঘটনা ঘটে, যার দায় প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের ওপর বর্তায়।