শাবনূরকে নিয়ে পূর্ণিমার আবেগঘন বার্তা, মুহূর্তেই ভাইরাল পোস্ট

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় দুই অভিনেত্রী শাবনূর ও পূর্ণিমাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। শাবনূরকে নিয়ে পূর্ণিমার একটি আবেগঘন ফেসবুক পোস্ট ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

রোববার (৭ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শাবনূরের সঙ্গে কাটানো একটি স্মরণীয় মুহূর্তের ভিডিও প্রকাশ করেন পূর্ণিমা। ভিডিওটিতে দুই তারকাকে হাস্যোজ্জ্বল ও আন্তরিক পরিবেশে সময় কাটাতে দেখা যায়। পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভক্তদের প্রশংসায় ভরে ওঠে মন্তব্যের ঘর।

পোস্টের ক্যাপশনে পূর্ণিমা লিখেছেন, কিছু মানুষ শুধু তারকা নন, তারা মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকেন। বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র শাবনূর আপু। পর্দার সাফল্যের বাইরেও তিনি একজন অসাধারণ মনের মানুষ।

পুরোনো স্মৃতিচারণ করে তিনি আরও লেখেন, দুই-তিন বছর আগে তার সঙ্গে কাটানো এই মুহূর্তটি আজও আমার জীবনের সবচেয়ে স্মরণীয় স্মৃতিগুলোর একটি। বাংলা সিনেমায় আপনার অবদান যেমন অবিস্মরণীয়, তেমনি মানুষ হিসেবেও আপনি অসাধারণ।

শাবনূরের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে পূর্ণিমা বলেন, আপনাকে বড় পর্দায় খুব মিস করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক শ্রদ্ধা ও ভালোবাসা।

পূর্ণিমার এই আবেগঘন পোস্টে ভক্তরাও শাবনূরের প্রতি নিজেদের ভালোবাসা প্রকাশ করেছেন। অনেকেই মন্তব্যে জনপ্রিয় এই অভিনেত্রীকে আবারও বড় পর্দায় দেখতে চাওয়ার প্রত্যাশার কথা জানিয়েছেন।

উল্লেখ্য, বাংলা চলচ্চিত্রে শাবনূর ও পূর্ণিমা দুজনেই নিজ নিজ সময়ে দর্শকপ্রিয়তার শীর্ষে ছিলেন। একসময় তাদের নিয়ে নানা তুলনা ও প্রতিদ্বন্দ্বিতার আলোচনা থাকলেও বাস্তব জীবনে দুজনের পারস্পরিক সম্মান ও সৌহার্দ্যের চিত্র বারবার সামনে এসেছে। পূর্ণিমার সাম্প্রতিক এই পোস্টও সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আরেকটি ইতিবাচক উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।