৫ বিলিয়ন ভিউয়ের রেকর্ড, তবুও ক্ষুব্ধ ভক্তরা

পাকিস্তানের নাট্য ইতিহাসে অনন্য এক মাইলফলক স্পর্শ করেছে তুমুল জনপ্রিয় ধারাবাহিক ‘তেরে বিন’। প্রথম পাকিস্তানি নাটক হিসেবে এটি ইউটিউব ও অন্যান্য মাধ্যমে তুলে নিয়েছে অবিশ্বাস্য ৫ বিলিয়ন বা ৫০০ কোটির ভিউয়ের রেকর্ড। মীরব ও মুরতাসিমের প্রেম, অভিমান আর রোমান্টিক রসায়নের এই গল্প শুধু পাকিস্তানেই নয়, বাংলাদেশ ও ভারতের দর্শকদেরও বুঁদ করে রেখেছিল।

২০২২ সালের ২৮ ডিসেম্বর শুরু হয়ে ২০২৩ সালের ৬ জুলাই শেষ হয় এর প্রথম সিজন। নাটকটির তুমুল জনপ্রিয়তার জোয়ারে ভেসে তখনই প্রযোজক আবদুল্লাহ কাদওয়ানি ঘোষণা দিয়েছিলেন সিজন-২ নিয়ে আসার। এরপর ২০২৩ সালের ডিসেম্বরে মূল জুটি ওহাজ আলী ও ইয়ুমনা জায়েদিকে রেখেই দ্বিতীয় সিজনের আনুষ্ঠানিক ঘোষণাও আসে।

এরপর কেটে গেছে দীর্ঘ সময়। সিজন-২ এর শুটিং বা মুক্তির বিষয়ে সংশ্লিষ্টদের কাছ থেকে মিলছে না কোনো স্পষ্ট বার্তা। আর তাতেই ধৈর্যের বাঁধ ভেঙেছে উপমহাদেশের কোটি ভক্তের। রেকর্ড গড়ার খুশির চেয়েও এখন দীর্ঘ অপেক্ষার যন্ত্রণা গ্রাস করেছে দর্শকদের।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন রীতিমতো ক্ষোভ উগরে দিচ্ছেন অনুরাগীরা। নির্মাতা ও প্রধান তারকাদের রহস্যজনক নীরবতা নিয়ে সরাসরি প্রশ্ন তুলছেন তারা। এক ভক্ত ক্ষুব্ধ হয়ে লিখেছেন, ‘তেরে বিন ৫ বিলিয়ন ভিউ পার করা প্রথম পাকিস্তানি নাটক হয়ে গেল, অথচ আপনারা এখনও সিজন-২ এর শুটিংই শুরু করলেন না? লজ্জা কোথায়?’ আরেকজন উপহাসের সুরে লিখেছেন, ‘মনে হচ্ছে সিজন-২ দেখতে আমাদের পরের জন্ম পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

এদিকে বিনোদনপাড়ার জোর গুঞ্জন, ২০২৬ সালের জুন মাসের শেষ দিকে কিংবা জুলাইয়ের শুরুর দিকে ‘তেরে বিন ২’-এর ক্যামেরা চালু হতে পারে, অর্থাৎ গড়াতে পারে শুটিং ফ্লোরে। তবে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ও চূড়ান্ত ঘোষণা না আসায় ভক্তরা এখনই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন না। ইতিহাস গড়ার আনন্দ ছাপিয়ে ‘তেরে বিন’ ভক্তদের মনে এখন কেবলই একরাশ অপেক্ষা আর হতাশার মেঘ।