গোপালগঞ্জে পরীক্ষা নেব কীভাবে, দুশ্চিন্তায় রয়েছি: শিক্ষামন্ত্রী

গোপালগঞ্জে পরীক্ষা আয়োজন নিয়ে দুশ্চিন্তায় থাকার কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, এক বা দুটি বিষয়ে অকৃতকার্য হওয়ার কারণে শিক্ষার্থীরা যেন দীর্ঘ সময় পিছিয়ে না পড়ে, সে বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার ব্যবস্থা নিয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মেলন-২০২৬-এ বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা চাই না দু-একটি বিষয়ে ফেল করার কারণে তারা অযথা বসে থাকুক এবং মাদকাসক্ত হোক বা মোবাইল আসক্ত হোক।’

শিক্ষাব্যবস্থার অতীত পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ের বিভিন্ন উদ্যোগ এবং বেগম খালেদা জিয়ার সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন প্রণয়নের বিষয়টি স্মরণ করেন তিনি। তার অভিযোগ, গত ১৭ বছরে শিক্ষাব্যবস্থাকে পিছিয়ে দেওয়া হয়েছে এবং গোপনে এমন শিক্ষাক্রম তৈরি করা হয়েছিল, যাতে জনগোষ্ঠী শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, বিগত সময়ে কোথাও প্রয়োজনের তুলনায় বেশি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে, আবার কোথাও প্রয়োজন থাকা সত্ত্বেও প্রতিষ্ঠান হয়নি। শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের ক্ষেত্রে যথাযথ সমন্বয়ের অভাব ছিল।

প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষাব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রী কাজ করছেন। কিছু ক্ষেত্রে ভুল হয়েছে, তবে আগামী বছর সেসব জায়গায় নির্ভুলভাবে কাজ করার চেষ্টা করা হবে। এ বছর চতুর্থ শ্রেণির জন্য নতুন বই দেওয়া হয়েছে। ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষার বইও চালু করা হয়েছে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, কারিগরি শিক্ষাকে শক্তিশালী করা এবং বিশাল জনগোষ্ঠীকে কর্মদক্ষ করে গড়ে তোলার ওপর প্রধানমন্ত্রী গুরুত্ব দিচ্ছেন। শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের চেয়ে শিক্ষার মান বাড়ানোকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষক-শিক্ষার্থী অনুপাত নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, কোনো কোনো কলেজে এমন বিষয় রয়েছে, যেখানে শিক্ষক আছেন, কিন্তু শিক্ষার্থী নেই। আবার কোথাও শিক্ষার্থী থাকলেও পর্যাপ্ত শিক্ষক নেই। তিনি জানান, অনার্স পর্যায়ে শিক্ষক ও শিক্ষার্থীর সংখ্যার মধ্যে এমন অসামঞ্জস্যের তথ্য তার কাছে রয়েছে।

পরীক্ষার খাতা মূল্যায়নে অসংগতির বিষয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, এসএসসির ৫২ হাজার এবং এইচএসসির ২৩ হাজার খাতার গ্রেড পুনঃনিরীক্ষণের পর পরিবর্তন হয়েছে। শিক্ষকদের মূল্যায়ন পদ্ধতির দিকে আরও নজর দেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

ভর্তি কার্যক্রম প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশে ১৫ লাখ আসন রয়েছে। আগামী দিনে যেসব শিক্ষার্থী এক বা একাধিক বিষয়ে রেফার্ড পেয়েছে, তাদের পরীক্ষার ব্যবস্থা করা হবে। এ পরীক্ষায় প্রায় ২ লাখ ৯০ হাজার শিক্ষার্থী অংশ নেবে বলে জানান তিনি। পুনঃনিরীক্ষণের ফলও প্রকাশ করা হয়েছে এবং সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ভর্তির ব্যবস্থা করা হয়েছে।

শিক্ষকদের আন্দোলনের প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শিক্ষক-কর্মচারীদের একটি অনুষ্ঠানে বলেছিলেন, চাকরির দাবিতে শিক্ষকদের রাজপথে আসতে হবে না। শিক্ষকদের দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারি ও এমপিওভুক্ত শিক্ষকরা ক্লাস বাদ দিয়ে দাবি আদায়ের জন্য রাজপথে আসবেন না।

অধ্যক্ষদের উদ্দেশে তিনি বলেন, নিজ নিজ প্রতিষ্ঠানে ফিরে গিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানকে কীভাবে আরও উন্নত করা যায়, সে বিষয়ে ভাবতে হবে এবং প্রধানমন্ত্রীর বক্তব্য বিবেচনায় নিয়ে কাজ করতে হবে।

বক্তব্যের শেষ দিকে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কথা স্মরণ করেন শিক্ষামন্ত্রী। একইসাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা কামনা করেন এবং শিক্ষক সমাজকে দায়িত্ব পালনের যোগ্যতা দেওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন।