গাইবান্ধায় বুদ্ধিপ্রতিবন্ধী ফুফুকে ধর্ষণের অভিযোগে ভাতিজা গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বুদ্ধিপ্রতিবন্ধী ফুফুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি ভাতিজা আতিকুর রহমান আতাবকে (৫০) গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতারকৃত আতিকুর রহমান আতাব উপজেলার মিরাপাড়া এলাকার মৃত হোসেন আলীর ছেলে।

শুক্রবার (১২ জুন) রাতে র‌্যাব-১৩’র অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, বৃহস্পতিবার মধ্যরাতে নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুক্তভোগী একজন বুদ্ধিপ্রতিবন্ধী এবং গ্রেফতারকৃত আতিকুর রহমান আতাব তার ভাতিজা। তারা একই বাড়িতে বসবাস করেন। গত ১৬ মে বিকেলে ভুক্তভোগী বাড়ির টিউবওয়েলে গোসল করতে যায়। তখন আতিকুর ভুক্তভোগীর মুখ চেপে ধরে টিউবওয়েল পাড়েই ধর্ষণ করতে থাকে। সে সময়, ভুক্তভোগীর ভাইয়ের শিশু মেয়ে এ ঘটনা দেখে চিৎকার দিলে আতিকুর তার গলা চেপে ধরে। মেয়ের চিৎকার শুনে তার মা ঘটনাস্থলে আসলে আতিকুর পালিয়ে তার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। পরে ভুক্তভোগীর ভাই শিশুটির বাবাসহ আশেপাশের লোকজন এসে আতিকুরকে ঘরের মধ্যে আটকে রাখেন। একপর্যায়ে আতিকুরের কাছের লোকজন বাড়িতে এসে মারধর এবং ভাঙচুর করে তাকে পালাতে সাহায্য করেন। এ ঘটনায় পরদিন ১৭ মে ভুক্তভোগীর ভাই বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার পর থেকেই র‌্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩ র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার মিরাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় নিজ বসতবাড়ি থেকে মামলার এজাহারনামীয় প্রধান আসামি আতিকুর রহমান আতাবকে গ্রেফতার করা হয়।

পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।