দুঃস্বপ্নের শুরু, ব্রাজিলকে আটকে দিল মরক্কো!

দুঃস্বপ্নের মত এবারের ফিফা বিশ্বকাপ শুরু হল ব্রাজিলের। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের আটকে দিল আফ্রিকার দেশ মরক্কো। বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ ড্র করল নেইমার বিহীন ব্রাজিল।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আজ ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় মরক্কো। সেই দাপট ধরে রেখে ফেভারিটদের চমকে দিয়ে মাঠ ছাড়ে তারা।

ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে ২০২৬ বিশ্বকাপ মিশন শুরু করতে নেমেই হোঁচট খেলো ব্রাজিল। ২০০২ সালের পর আবারও সোনালি ট্রফি দেশে ফেরানোর লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্রের মাটিতে অভিযান শুরু করলেও প্রত্যাশিত সূচনা করতে পারেনি কার্লো আনচেলোত্তির দল। গ্রুপপর্বের প্রথম ম্যাচে শক্তিশালী মরক্কোর সঙ্গে ১-১ গোলের ড্র করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

রবিবার ভোরে নিউ ইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে প্রথমার্ধেই দুটি গোল হয়। ম্যাচের ২১তম মিনিটে ইসমাইল সাইবারির গোলে এগিয়ে যায় মরক্কো। তবে পিছিয়ে পড়ার ১১ মিনিট পর ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত একক নৈপুণ্যে সমতায় ফেরে ব্রাজিল। এরপর দ্বিতীয়ার্ধে উভয় দলই বেশ কয়েকটি আক্রমণ গড়ে তুললেও আর কোনো গোল না হওয়ায় ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়।

ম্যাচের শুরু থেকেই মরক্কো ছিল বেশি সংগঠিত ও আত্মবিশ্বাসী। ষষ্ঠ মিনিটেই গোলের সম্ভাবনা তৈরি করেছিল আফ্রিকার দলটি। বাম দিক থেকে গড়ে ওঠা আক্রমণে বল পেয়ে শট নেন তরুণ মিডফিল্ডার বেনজামিন এল আইনুই। তবে শেষ মুহূর্তে গ্যাব্রিয়েল মাগালহায়েস বাধা হয়ে দাঁড়ালে রক্ষা পায় ব্রাজিল।

নেইমারকে ছাড়াই মাঠে নামা ব্রাজিল শুরুতে কিছুটা ছন্নছাড়া ফুটবল খেললেও ধীরে ধীরে ম্যাচে ফেরার চেষ্টা করে। এক পর্যায়ে ইগর থিয়াগোর সামনে গোলের ভালো সুযোগও তৈরি হয়েছিল, কিন্তু তিনি সেটি কাজে লাগাতে পারেননি। ঠিক এমন সময় ২১তম মিনিটে ব্রাহিম দিয়াজের চমৎকার পাস থেকে গোল করে মরক্কোকে এগিয়ে দেন ইসমাইল সাইবারি।

গোল হজমের পর দ্রুত ঘুরে দাঁড়ায় ব্রাজিল। ৩২তম মিনিটে বাম দিক থেকে ড্রিবলিং করে প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে বক্সে ঢুকে শক্তিশালী শটে গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনো চেষ্টা করেও সেই শট ঠেকাতে পারেননি। ব্রাজিলের জার্সিতে এটি ভিনিসিয়ুসের ৫০তম আন্তর্জাতিক গোল।

দ্বিতীয়ার্ধে দুই দলই সতর্ক ফুটবল খেলেছে। রক্ষণ সামলে আক্রমণে ওঠার চেষ্টা করলেও কোনো দলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করতে পারেনি। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছে ব্রাজিল ও মরক্কোকে।

ড্র করলেও বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে ব্রাজিলের দীর্ঘদিনের অপরাজিত থাকার রেকর্ড অক্ষুণ্ন রয়েছে। ১৯৩৮ সালের পর থেকে বিশ্বকাপের প্রথম ম্যাচে হারেনি সেলেসাওরা। তবে মিশন হেক্সার পথে প্রথম ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট না পাওয়ায় কিছুটা হতাশা নিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করতে হলো আনচেলোত্তির শিষ্যদের।

অন্যদিকে সাম্প্রতিক সময়ে বিশ্ব ফুটবলে নিজেদের শক্ত অবস্থান প্রমাণ করা মরক্কো আবারও দেখিয়েছে যে বড় দলগুলোর জন্য তারা কতটা কঠিন প্রতিপক্ষ। গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট দলটি ব্রাজিলকে সমানে টক্কর দিয়ে তুলে নিয়েছে মূল্যবান এক পয়েন্ট।