পতাকা বৈঠকে সমাধান হয়নি ‘পুশ-ইন’ ইস্যু, তিন দিন ধরে শূন্য রেখায় ১২ জন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক ১২ জনকে ‘পুশ-ইন’ করার ঘটনায় অনুষ্ঠিত পতাকা বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। এতে তিন দিন ধরে সীমান্তের শূন্য রেখায় অবস্থান করা ওই ১২ জন মানবেতর জীবন কাটাচ্ছেন।

ভুক্তভোগীদের মধ্যে রয়েছেন চারজন নারী, চারজন পুরুষ এবং দশ বছরের কম বয়সী চার শিশু। সিদ্ধান্ত না হওয়ায় তারা প্রতিনিয়ত আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।

এর আগে শুক্রবার ভোরে ভারতের চরমেঘনা সীমান্ত গেট এলাকা থেকে কুষ্টিয়ার বিলগাথুয়া সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ওই ১২ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করা হয়। তবে বিজিবি ও স্থানীয়দের বাধায় তাৎক্ষণিকভাবে সেটি সফল হয়নি।

পরে একাধিক দফায় পতাকা বৈঠকের আহ্বানের পর শনিবার সকাল সাড়ে ৯টায় দৌলতপুরের বিলগাথুয়া ১৫০-থ্রিএস সাব পিলার সংলগ্ন এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় ২০ মিনিট স্থায়ী হলেও বৈঠকটি কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়।

বৈঠকে বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ভারতের রাণীনগর ক্যাম্পের এসি সুনীল কুমার যাদব এবং বিজিবির পক্ষে ৪৭ কুষ্টিয়া বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক নুরুল হুদা।

বিজিবির সূত্র জানিয়েছে, বিএসএফ পুশ-ইনের বিষয়টি অস্বীকার করেছে এবং ওই ব্যক্তিরা সত্যিই ভারতীয় নাগরিক কি না তা যাচাইয়ের কথা বলেছে।

এদিকে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। তবে সিদ্ধান্তহীনতার কারণে শূন্য রেখায় অবস্থানরত ১২ জনের দুর্ভোগ অব্যাহত রয়েছে এবং সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।