স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, ভিডিও ভাইরালের পর স্বামী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌতুক ও জুয়ার টাকার দাবিতে স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টার লোমহর্ষক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর স্বামী মাজহারুল ইসলাম সবুজকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার রাতে স্থানীয় জনতা তাকে আটকে পুলিশে সোপর্দ করে এবং আজ রোববার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী তানিয়ার পরিবার জানায়, প্রায় ১২ বছর আগে মাহমুদপুর ইউনিয়নের মোহনপুর গ্রামের সবুজের সঙ্গে তানিয়ার বিয়ে হয়। সবুজ দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন।

সম্প্রতি জুয়ায় ৭০ হাজার টাকা হেরে তিনি তানিয়ার কাছে বাবার বাড়ি থেকে ১ লাখ টাকা এনে দেওয়ার জন্য চাপ দেন এবং নির্যাতন করে দুই সন্তানসহ বাড়ি থেকে বের করে দেন।

গত শনিবার সকালে টাকা দিতে অস্বীকৃতি জানালে সবুজ তাঁর শ্বশুরবাড়িতে গিয়ে একা পেয়ে ঘরের দরজা বন্ধ করে তানিয়াকে বেদম মারধর ও গলা টিপে হত্যার চেষ্টা চালান। তানিয়ার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে দরজা ভেঙে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন এবং সবুজকে ধরে ফেলে পুলিশে দেন।

এদিকে ঘরে আটকে স্ত্রীকে নির্যাতনের এই নির্মম ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। বিষয়টি আড়াইহাজারের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের নজরে আসলে তিনি দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সবজেল হোসেন জানান, ভুক্তভোগী স্ত্রীর দায়ের করা হত্যাচেষ্টা মামলায় আসামিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।