ফুটবল কখনও কখনও খেলার গণ্ডি পেরিয়ে ইতিহাস, রাজনীতি ও মানবিক আবেগের প্রতীক হয়ে ওঠে। ২০২৬ বিশ্বকাপে ইরানের যুক্তরাষ্ট্রে আগমন তেমনই এক মুহূর্তের জন্ম দিয়েছে।
সোমবার নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে লস অ্যাঞ্জেলেসে পৌঁছেছে ইরান জাতীয় ফুটবল দল। আর ঠিক একই দিনে ঘোষণা এসেছে বহু আলোচিত যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির, যা দীর্ঘ সংঘাতের অবসান ঘটাতে পারে বলে আশা করা হচ্ছে।
মেক্সিকোর তিজুয়ানা থেকে স্বল্প দূরত্বের ফ্লাইটে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ইরান। এর আগে তিজুয়ানার দলীয় হোটেলের বাইরে শত শত সমর্থক তাদের উষ্ণ বিদায় জানান।
হোটেলের বাইরে দাঁড়ানো সমর্থকেরা স্লোগান দিতে থাকেন, “টিম মেল্লি! টিম মেল্লি!”—যার অর্থ ইরানের জাতীয় দল।
এক সমর্থকের হাতে থাকা ব্যানারে লেখা ছিল, ‘ইরান, তুমি কখনও একা নও। মেক্সিকো তোমার পাশে আছে।’
ইরানের কোচ আমির গালেনোয়ি সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি গর্বিত যে মহান, গর্বিত ও শক্তিশালী ইরানের প্রতিনিধিত্ব করতে পারছি। আমি আশা করি ফুটবল মানুষের মাঝে আনন্দ নিয়ে আসবে এবং বিভিন্ন সংস্কৃতি ও দেশকে আরও কাছাকাছি নিয়ে আসবে।’
নিরাপত্তা পরিস্থিতির কারণে গত মাসে ইরান তাদের বিশ্বকাপ বেসক্যাম্প অ্যারিজোনা থেকে সরিয়ে মেক্সিকোতে নিয়ে যায়। ফলে গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচ খেলতে তাদের মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে যাতায়াত করতে হচ্ছে।
আগামীকাল মঙ্গলবার (১৬ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ইরান।





