‘বেগম রোকেয়া পদক’ দিতে শিক্ষা খাতে যোগ্য নারীদের খুঁজছে সরকার

‘বেগম রোকেয়া পদক ২০২৬’-এর জন্য শিক্ষা খাতে অবদান রাখা যোগ্য বাংলাদেশি নারীদের খুঁজছে সরকার। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন বিভিন্ন দপ্তর, সংস্থা ও শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত নারীদের কাছ থেকে আগামী ৩০ জুনের মধ্যে মনোনয়ন আহ্বান করা হয়েছে।

বুধবার (১৭ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি বছর ৯ ডিসেম্বর দেশব্যাপী ‘বেগম রোকেয়া দিবস’ উদযাপন করা হয় এবং ওই দিনই এই পদক প্রদান করা হয়। এবারও নারী শিক্ষা, নারী অধিকার, নারীর আর্থ-সামাজিক উন্নয়ন, সাহিত্য-সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণ, পল্লী উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা পাঁচজন বাংলাদেশি নারীকে এই পদক দেওয়া হবে। প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে পদকপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেবেন।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, ‘বেগম রোকেয়া পদক (সংশোধিত) নীতিমালা-২০২৫’ অনুযায়ী মনোনয়ন পাঠাতে হবে। আগ্রহীদের সফট কপি ও হার্ড কপি নির্ধারিত ই-মেইল (sas_s4@moedu.gov.bd)-এ পাঠাতে হবে। একই সঙ্গে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সমন্বয় শাখায় আবেদন জমা দিতে হবে।

আবেদনপত্র ও নির্ধারিত ছক মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.mowca.gov.bd) অথবা মহিলা বিষয়ক অধিদপ্তরের ওয়েবসাইট (www.dwa.gov.bd) থেকে ডাউনলোড করা যাবে। নির্ধারিত ফরম ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, নারী শিক্ষা, নারী অধিকার ও সমাজ উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর রাষ্ট্রীয়ভাবে পাঁচজন নারীকে এই মর্যাদাপূর্ণ পদক প্রদান করা হয়।