বিশ্বব্যাপী চলমান মানবিক সংকটগুলোর গভীরতা বিবেচনা করে মানবিক সহায়তা জোরদার, বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং টেকসই শান্তি প্রতিষ্ঠায় নারীদের অংশগ্রহণ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) ২০২৬ সালের ‘হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্ট’-এ বক্তব্য দেওয়ার সময় বাংলাদেশের এই অবস্থানের কথা তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
স্থানীয় সময় গত বুধবার (১৭ জুন) দেওয়া এই বক্তব্যে তিনি মানবিক নীতি ও বৈশ্বিক মূল্যবোধের প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার সামাজিক নিরাপত্তা বেষ্টনী সম্প্রসারণ, দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতি জোরদারকরণ, নারীর ক্ষমতায়ন এবং সমাজের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
একই দিনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ (ডব্লিউপিএস) বিষয়ক এক উন্মুক্ত বিতর্কেও অংশ নেন শামা ওবায়েদ ইসলাম। সেখানে তিনি সংঘাত প্রতিরোধ, শান্তি রক্ষা এবং যুদ্ধ-পরবর্তী পুনর্গঠন প্রক্রিয়ায় নারীদের অপরিহার্য ভূমিকার কথা গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি নারী শান্তিরক্ষীদের পেশাদারিত্ব, সাহসিকতা ও নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে তিনি বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা খাতে নারীদের আরও অর্থবহ অংশীদারত্ব নিশ্চিত করার তাগিদ দেন।
বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে নারী ও শিশুদের ক্রমবর্ধমান দুর্ভোগ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। পাশাপাশি, বিশ্বজুড়ে মানবিক সহায়তার জন্য প্রয়োজনীয় তহবিলের ঘাটতি মোকাবিলায় তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর দৃষ্টি আকর্ষণ করেন। শামা ওবায়েদ ইসলাম দীর্ঘায়িত রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের ওপর জোর দিয়ে বলেন, রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে নিজ দেশ মিয়ানমারে দ্রুত প্রত্যাবর্তনে বিশ্ব সম্প্রদায়কে সমন্বিত সহযোগিতা অব্যাহত রাখতে হবে।
সফরসূচি অনুযায়ী, নিউইয়র্কের স্থানীয় সময় আজ বৃহস্পতিবার (১৮ জুন) ইকোসকের হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টের দ্বিতীয় উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় অংশ নেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই দিন জাতিসংঘ সদর দপ্তরে ‘ইউএন উইমেন’-এর আন্ডার-সেক্রেটারি-জেনারেল ও নির্বাহী পরিচালক সিমা বাহাউসের সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন তিনি।





