ক্ষমতাবলে জেল খাটিয়েছিলেন, এবার মিমিকে গ্রেফতারের দাবি জ্যোতিষীর

প্রাক্তন সাংসদ ও অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিরুদ্ধে এবার পাল্টা অভিযোগ দায়ের করেছেন জ্যোতিষী তনয় শাস্ত্রী। বনগাঁ থানায় দায়ের করা এই অভিযোগে তিনি অভিনেত্রীকে গ্রেফতারের দাবি জানিয়েছেন।

জানা গেছে, চলতি বছরের জানুয়ারিতে বনগাঁর নয়া গোপালগঞ্জে একটি বার্ষিক অনুষ্ঠানে যোগ দিতে যান মিমি চক্রবর্তী। প্রশাসনের অনুমতি অনুযায়ী রাত ১২টা পর্যন্ত অনুষ্ঠান চলার কথা ছিল। অভিযোগ, নির্ধারিত সময়ের কিছুটা পরে মঞ্চে ওঠেন অভিনেত্রী।

অনুষ্ঠানের সময়সীমা শেষ হওয়ার পর মঞ্চ থেকে নামিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন আয়োজকরা। সেই সময় ক্লাবের অন্যতম কর্মকর্তা জ্যোতিষী তনয় শাস্ত্রী মঞ্চে উঠে অনুষ্ঠান শেষ করার ঘোষণা দেন এবং মিমিকে মঞ্চ ছাড়তে বলেন।

এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে অভিনেত্রী মিমি চক্রবর্তী থানায় অভিযোগ করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও হেনস্তার অভিযোগ তোলেন। তার অভিযোগের ভিত্তিতে তৎকালীন সময়ে পুলিশ জ্যোতিষী তনয় শাস্ত্রীকে গ্রেফতার করে বলে দাবি করা হয়। পরে তিনি জামিনে মুক্তি পান।

পরবর্তীতে আদালতে মিমি চক্রবর্তীর বিরুদ্ধে মামলা দায়ের করেন তনয় শাস্ত্রী। এবার একই ঘটনায় বনগাঁ থানাতেও পাল্টা অভিযোগ দায়ের করেছেন তিনি।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তনয় শাস্ত্রী বলেন, ‌‘আমাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছিল। আমি তখনই বলেছিলাম, এর বিচার চাই। এখন আইনের মাধ্যমেই এর শেষ দেখতে চাই।’

তিনি আরও অভিযোগ করেন, তৎকালীন শাসকদলের প্রভাব খাটিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল। তার দাবি, ‘সেদিন আমি ভিডিও প্রমাণসহ অভিযোগ করেছিলাম। আমার সামাজিক সম্মানহানি হয়েছে। আমি ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করেছিলাম এবং জনসমক্ষে ক্ষমা চাওয়ার কথাও বলেছি।’

তনয় শাস্ত্রী জানিয়েছেন, তিনি বনগাঁ আদালতে দায়ের করা মামলাটি প্রত্যাহারের আবেদন করেছেন এবং নতুন করে থানাতেও অভিযোগ জানিয়েছেন।

এ বিষয়ে বনগাঁ পুলিশ জেলার এক আধিকারিক জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন।