শুধু চিকিৎসকদের দিয়ে স্বাস্থ্য খাত এগিয়ে নেওয়া সম্ভব না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।
বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকায় জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, দেশে নার্স ও মিডওয়াইফের ব্যাপক সংকট রয়েছে। আর বর্তমানে যা আছে ৩ থেকে ৫ শতাংশ বাড়ানো প্রয়োজন।
ডা. এম এ মুহিত বলেন, দেশের ৮০ ভাগ চিকিৎসক থাকছেন শহরে, অথচ ৮০ ভাগ মানুষ গ্রামে বসবাস করে।
চিকিৎসক ও প্রকৌশলীর মত যারা বড় চাকরিজীবী তারা দেশে রেমিট্যান্স কম পাঠায়। বেশি যারা পাঠায় তারা হলেন সাধারণ শ্রমিক-এ কথা জানিয়ে তিনি আরও বলেন, তারা (চিকিৎসক ও প্রকৌশলী) বেশি বিদেশে গেলে রেমিট্যান্স আসবে এরসঙ্গে একমত না। তবে গবেষণা ও শিক্ষার জন্য যাওয়া ভালো।
এখনও দেশ থেকে চিকিৎসক ও নার্স বিদেশে পাঠানোর মতো অবস্থা তৈরি হয়নি বলেও জানান তিনি।
ডা. এম এ মুহিত বলেন, দেশে ভবিষ্যতে মহামারি ও সংক্রামক প্রতিরোধে প্রস্তুতি নিচ্ছে সরকার, এ নিয়ে বাজেটের মধ্যেও সেটি যুক্ত করা হয়েছে।





