ঢাকা থেকে নিউইয়র্কে সরাসরি বিমান চলাচল শুরুর সম্ভাবনা আপাতত দূরবর্তী বলে জানিয়েছেন সিভিল অ্যাভিয়েশন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক। তার মতে, ২০২৮ সালের আগে এই দীর্ঘ দূরত্বের রুটে সরাসরি ফ্লাইট চালুর বাস্তবসম্মত কোনো সম্ভাবনা নেই।
রোববার (২১ জুন) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত বেসামরিক বিমান চলাচল মহাপরিকল্পনা বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
সিভিল অ্যাভিয়েশন চেয়ারম্যান বলেন, ঢাকা-নিউইয়র্ক রুটে সরাসরি ফ্লাইট পরিচালনার জন্য প্রয়োজনীয় আধুনিক উড়োজাহাজ, প্রযুক্তিগত সক্ষমতা এবং অবকাঠামোগত প্রস্তুতি সম্পন্ন করতে আরও সময় লাগবে। এসব প্রস্তুতি শেষ না হওয়া পর্যন্ত এ রুটে সরাসরি বিমান চলাচল শুরু করা সম্ভব হবে না।
অনুষ্ঠানে বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা জানান, নতুন বোয়িং উড়োজাহাজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হতে অন্তত পাঁচ বছর সময় লাগতে পারে। এ কারণে যাত্রীসেবা ও বহরের সক্ষমতা ধরে রাখতে এয়ারবাস থেকে উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা করছে সরকার।
এদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর উদ্বোধনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নির্মাণকাজে নিয়োজিত জাপানি প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পের কাজ সম্পন্ন করবে।
বিমান খাতের আধুনিকায়ন, আন্তর্জাতিক সংযোগ বৃদ্ধি এবং যাত্রীসেবার মানোন্নয়নে সরকার বিভিন্ন দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে বলেও অনুষ্ঠানে জানানো হয়।





