ক্লোসার বিশ্বরেকর্ড ভেঙে বিশ্বকাপ ইতিহাসের শীর্ষে মেসি

রেকর্ডের হাতছানি নিয়েই নেমেছিলেন মাঠে। কিন্তু শুরুতেই পেনাল্টি মিস মন বিষন্ন করে দিয়েছিল লিওনেল মেসির! তবে সেই ভুল কাটিয়ে উঠতে ভুল করেননি বিশ্বকাপ জয়ী এই মহাতারকা। নিশানা খুঁজে নেন ম্যাচের ৩৮ মিনিটে। বিশ্বকাপে মেসির এখন ২৮ ম্যাচে গোল ১৭টি। জার্মানির মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের!

আগের বিশ্বকাপে যেখানে শেষ করেছিলেন, এবার ঠিক সেখান থেকেই এবার যেন শুরু করেছেন আর্জেন্টিনার অধিনায়ক। মাঠে বল পায়ে তার চিরচেনা জাদু ও চমক আবারও মুগ্ধ করছে ফুটবলপ্রেমীদের। আর সেই ধারাবাহিকতায় আজ ডালাস স্টেডিয়ামে অস্ট্রিয়ার বিপক্ষে গোল করে বিশ্বকাপের ইতিহাসে গড়েছেন নতুন রেকর্ড।

ম্যাচের ৮ মিনিটের মাথায় পেনাল্টি পেলেও তা থেকে গোল করতে পারেননি মেসি। তার শট আটকে দেন অস্ট্রিয়ার গোলরক্ষক আলেকজান্ডার শ্লাজার!

তবে এরপর ৩৮ মিনিটে এসে খুঁজে নেন নিশানা! তারপর ধরেই উঠে যেন অনন্য এক উচ্চতায়। তিনিই এখন বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। তার গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে আছে আর্জেন্টিনা।

এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচে হ্যাটট্রিক করে নিজের গোলসংখ্যা ১৬-তে নিয়ে যান মেসি। ফলে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনি যৌথভাবে শীর্ষে উঠে আসেন জার্মানির সাবেক তারকা মিরোস্লাভ ক্লোসার সঙ্গে। তবে অস্ট্রিয়ার বিপক্ষে গোল করে নিজের মোট গোলসংখ্যা ১৭-তে উন্নীত করেছেন মেসি এবং এককভাবে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার আসন দখল করেছেন।

শুধু গোলের রেকর্ডই নয়, ক্লোসার আরেকটি কীর্তিও ভাঙার খুব কাছাকাছি অবস্থানে রয়েছেন আর্জেন্টিনার এই মহাতারকা। আলজেরিয়ার বিপক্ষে জয়টি ছিল বিশ্বকাপে তার ১৬তম জয়, যা ক্লোসার বিশ্বকাপে পাওয়া জয়ের সংখ্যার সমান। এবারের আসরে আরও একটি ম্যাচ জিততে পারলেই বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচজয়ী ফুটবলারের রেকর্ডও নিজের করে নেবেন মেসি।

মেসির হ্যাটট্রিকে ১৭ জুন কানসাস সিটিতে আর্জেন্টিনা ৩-০ গোলে হারায় আলজেরিয়াকে। সেই জয় দিয়ে দারুণভাবে বিশ্বকাপ অভিযান শুরু করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। এখন অস্ট্রিয়ার বিপক্ষে জয় পেলেই নকআউট পর্বে ওঠা প্রায় নিশ্চিত হয়ে যাবে আর্জেন্টিনার। বিশ্বকাপের মঞ্চে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে মেসি, যিনি একের পর এক রেকর্ড ভেঙে নিজের কিংবদন্তিকে আরও সমৃদ্ধ করে চলেছেন।