নওগাঁ সীমান্তে ফের ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

মাত্র দুই সপ্তাহের ব্যবধানে নওগাঁর সীমান্ত দিয়ে আবারও নারী-পুরুষ ও শিশুসহ ৯ জনকে পুশইনের চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (২৪ জুন) ভোর রাতের দিকে পতাড়ী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নওগাঁ বিজিবি-১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোররাতের দিকে আদাতলা বিওপির আওতায় পাতাড়ী সীমান্ত এলাকার ৪৪ নম্বর মেইন পিলারের কাছে কয়েকজন ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে বিজিবি।

এ সময় সন্দেহ হলে তাদের শূন্যরেখায় আটকে দেয়া হয়। পরে জানা যায় তারা ভারতের বাংলা ভাষাভাষী মানুষ। বিএসএফ সদস্যরা তাদের বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছিল। তারা মোট ৯ জন। এর মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী ও ৩ শিশু রয়েছে।

বিজিবি অধিনায়ক আরও জানান, তারা এখনো শূন্যরেখায় অবস্থান করছেন। তাদেরকে ঘিরে বিজিবির কড়া প্রহরা রয়েছে। এর আগে, গত ৫ জুন একই সীমান্তের কলমু ডাঙ্গা এলাকায় ১৭ জনকে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। পরে তাদের পুশ ব্যাক করে বিজিবি।