ফাইনালে ওঠার আগেই আর্জেন্টিনার মেগা রোডম্যাপ ফাঁস!

২০২৬ ফিফা বিশ্বকাপে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে ইতোমধ্যেই নকআউট পর্ব বা রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে লিওনেল স্কালোনির দলের শেষ ৩২ থেকে শুরু করে স্বপ্নের ফাইনাল পর্যন্ত পথটা কেমন হতে যাচ্ছে, তা নিয়ে ফুটবলবিশ্বে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ।

বর্তমান ব্র্যাকেটের সমীকরণ বলছে, ফাইনালের রোডম্যাপটা যেন আর্জেন্টিনার পক্ষেই কথা বলছে। নকআউটের প্রথম ধাপে উরুগুয়ে, কেপ ভার্দে নাকি সৌদি আরব কার মুখোমুখি হতে যাচ্ছে আলবিসেলেস্তেরা? আর কেন সেমিফাইনালের আগে ফ্রান্স বা জার্মানির মুখোমুখি হতে হবে না মেসিদের?

নিয়ম অনুযায়ী, গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুখোমুখি হবে ‘এইচ’ গ্রুপের রানার্সআপ দলের। আর এই গ্রুপের বর্তমান সমীকরণ বেশ রোমাঞ্চকর। ২ ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে স্পেন। ২ পয়েন্ট করে নিয়ে গোল ব্যবধানে দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে উরুগুয়ে ও কেপ ভার্দে। আর ১ পয়েন্ট নিয়ে তলানিতে সৌদি আরব।

শেষ ম্যাচে যদি উরুগুয়ে স্পেনের কাছে হেরে যায়, তবে সমীকরণ অনুযায়ী কেপ ভার্দে কিংবা সৌদি আরবকে শেষ ৩২-এ পাবে আর্জেন্টিনা। উরুগুয়ে ও কেপ ভার্দে দুই দলই জিতলে গোল ব্যবধানে যে দ্বিতীয় হবে, সে আসবে মেসিদের সামনে। আর উরুগুয়ে যদি শেষ ম্যাচে ড্র করে এবং সৌদি আরব জয় তুলে নেয়, তবে আবারও সৌদি আরবের মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা।

রাউন্ড অব ৩২-এর বাধা পার হতে পারলে শেষ ১৬-তে স্কালোনির দল মুখোমুখি হতে পারে প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, ইরান বা বেলজিয়ামের মতো দলের।

আসল থ্রিলার শুরু হবে কোয়ার্টার ফাইনালে। সেখানে আর্জেন্টিনার সামনে পড়তে পারে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। যদি তারা কলম্বিয়াকে টপকে গ্রুপ সেরা হতে পারে। আর পর্তুগাল না হলে প্রতিপক্ষ হতে পারে সুইজারল্যান্ড কিংবা কানাডা।

এরপর সেমিফাইনালে অপেক্ষা করছে সুপার-ব্লকবাস্টার লড়াই। আর্জেন্টিনা যদি টেবিলের শীর্ষস্থান ধরে রেখে সেমিফাইনালে ওঠে, তবে শেষ চারে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল কিংবা শক্তিশালী ইংল্যান্ড।

তবে আর্জেন্টিনার জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর হলো, মেগা ফাইনালের আগে তাদের ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস কিংবা স্পেনের মুখোমুখি হতে হবে না। ব্র্যাকেটের বর্তমান কাঠামো অনুযায়ী, এই পরাশক্তিগুলোর সাথে আর্জেন্টিনার দেখা হওয়ার একমাত্র সম্ভাবনা কেবল নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সেই স্বপ্নের ফাইনালে।