নেপালে ভয়াবহ পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যার পর বহু বিদেশি নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। দুর্গত এলাকায় আটকে পড়া জীবিতদের খুঁজে বের করতে নেপাল ও চীন উভয় দেশেই তৎপরতা জোরদার করা হয়েছে।
নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, বন্যাকবলিত রাসুয়া জেলা থেকে ২৭ জন পর্যটককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ১১ জন ভারতীয়, চারজন দক্ষিণ কোরীয়, দুজন মার্কিন এবং দুজন ইতালীয় নাগরিক রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে সংস্থাটি জানায়, আহত ও আটকে পড়া মানুষদের উদ্ধারে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে।
এদিকে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এর আগে নিখোঁজ থাকা তাদের ১৩০ জন নাগরিকের সঙ্গে সফলভাবে যোগাযোগ করা সম্ভব হয়েছে। গত বুধবার নেপাল ও চীনে আঘাত হানা এই দুর্যোগে দুর্গম পাহাড়ি অঞ্চলে বেড়াতে আসা অন্তত ৭০০ বিদেশি নাগরিকসহ ১ হাজার ৩০০ জনেরও বেশি মানুষ নিখোঁজ হয়েছিলেন।
অন্যদিকে তিব্বত সীমান্তবর্তী এলাকাসহ নেপালের বিভিন্ন জেলায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৮৯ জনে পৌঁছেছে। পুলিশ মুখপাত্র আবি নারায়ণ কাফলে সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এখন পর্যন্ত চিতাওয়াণে ১০৯টি, পূর্ব নাওয়ালপারাসিতে ৬২টি, ধাদিংয়ে ২৭টি, গোর্খায় ২০টি, রাসুয়ায় ১৭টি এবং নুয়াকোটে ১২টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
নেপালের দুর্যোগ ঝুঁকি প্রশমন ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর সদস্য ও দেশি-বিদেশি পর্যটকসহ এখনও ৮২৬ জন মানুষ নিখোঁজ রয়েছেন। দুর্গত অঞ্চলে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।





