অভিষেকের সঙ্গে বিচ্ছেদ নিয়ে যা বলেছিলেন কারিশমা

বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের ৫২তম জন্মদিন আজ। অভিনেত্রী ১৯৭৪ সালের ২৫ জুন জন্মগ্রহণ করেন। একসময় বলিউডে একের পর এক হিট সিনেমা উপহার দেয়া এই তারকার ব্যক্তিজীবনের অন্যতম আলোচিত অধ্যায় ছিল অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে তার বাগদান ভেঙে যাওয়া।

দুই দশকেরও বেশি সময় আগে অভিষেক বচ্চনের সঙ্গে কারিশমার বাগদান হয়েছিল। বচ্চন পরিবারের বিভিন্ন অনুষ্ঠানে তাকে দেখা যেত। এমনকি এক অনুষ্ঠানে জয়া বচ্চন তাকে নিজের ‘ভাবী পুত্রবধূ’ বলেও পরিচয় করিয়ে দিয়েছিলেন। তবে বিয়ের আগেই সেই সম্পর্কের ইতি ঘটে। বাগদান ভেঙে যাওয়ার পর সময়টাকে ‘ভীষণ কষ্টের’ বলে বর্ণনা করেছিলেন কারিশমা। ২০০৩ সালে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, জীবনের সেই সময়টা এতটাই কঠিন ছিল যে তিনি কোনো মেয়ের জন্য এমন অভিজ্ঞতা কামনা করবেন না।

কারিশমার ভাষায়, বছরের শুরুটা আমার জন্য খুবই কষ্টকর ছিল। আমি চাই না কোনো মেয়েকে এমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হোক। নিজের কষ্ট ও যন্ত্রণা আমাকে একাই সামলাতে হয়েছে। সম্পর্ক ভাঙার পর কেন তিনি নিজেকে আড়ালে সরিয়ে নিয়েছিলেন, সে বিষয়েও কথা বলেছিলেন অভিনেত্রী। তিনি বলেন, এটা আমার সচেতন সিদ্ধান্ত ছিল। আমি নিজেকে গুটিয়ে নিয়েছিলাম। নিজের দুঃখ নিয়ে প্রকাশ্যে কথা বলার জন্য প্রস্তুত ছিলাম না। তাই নীরব থাকাই বেছে নিয়েছিলাম।

তবে সেই কঠিন সময় কাটিয়ে উঠতে পরিবারের সদস্যদের অবদান সবচেয়ে বেশি ছিল বলেও জানান কারিশমা। তিনি বলেন, বাবা-মা, বোন কারিনা কাপুর, দাদি ও পরিবারের অন্য সদস্যদের সমর্থন না পেলে হয়তো সেই মানসিক আঘাত কাটিয়ে ওঠা সম্ভব হতো না। বাগদান ভাঙার কারণ নিয়ে নানা গুঞ্জন ছড়ালেও কারিশমা বা বচ্চন পরিবার কখনো প্রকাশ্যে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি। তবে সময়ের সঙ্গে সেই অধ্যায় পেছনে ফেলে নিজের জীবন ও ক্যারিয়ারে এগিয়ে যান অভিনেত্রী।