ফ্রি-কিক থেকে গোল করে ইতিহাস গড়লেন লিওনেল মেসি। জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিশানা খুঁজে নিয়ে বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করার অনন্য কীর্তি গড়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। এর মাধ্যমে তিনি গড়েছেন নতুন বিশ্বরেকর্ড।
এর আগে বিশ্বকাপে টানা ছয় ম্যাচে গোল করার কীর্তি ছিল ফ্রান্সের জাস্ট ফন্টেইন (১৯৫৮) এবং ব্রাজিলের জাইরজিনহো (১৯৭০)-এর। মেসি সেই রেকর্ড স্পর্শ করার পর জর্ডানের বিপক্ষে গোল করে এককভাবে নতুন উচ্চতায় পৌঁছে যান।
ডালাস স্টেডিয়ামে আজ ম্যাচের ৮০তম মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে বল জালে জড়িয়ে আর্জেন্টিনাকে ৩-১ গোলে এগিয়ে দেন মেসি। ৬০ মিনিটে বদলি নামা মেসি ২০ মিনিটের ব্যবধানে ফ্রি-কিকে আদায় করে নেন দেখার মত এক গোল।
২০২৬ বিশ্বকাপে এটি এই তারকা ফুটবলারের ষষ্ঠ গোল। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের পর অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করেন তিনি।
এই গোলেই বিশ্বকাপের মঞ্চে টানা সাত ম্যাচে গোল করার বিরল কীর্তি নিজের নামে লিখিয়ে নেন তিনি। তার এই অর্জনে বিশ্ব ফুটবলে যোগ হলো আরেকটি স্মরণীয় অধ্যায়!





