কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশির মরদেহ দেশে এসে পৌঁছেছে। নিহত সবার বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়।
মঙ্গলবার (৩০ জুন) মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট নং-BG 226 বিমানটি সকাল সোয়া ৭টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে।
মরদেহগুলো দেশে পৌঁছার পর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন।
এ সময় সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মাওলানা আবুল হাসানও উপস্থিত ছিলেন। পরে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে অ্যাম্বুলেন্সে করে মরদেহগুলো নিজ নিজ গ্রামের বাড়িতে পাঠানো হয়।
সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজ উদ্দিন জানান, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে প্রাথমিকভাবে নিহতদের পরিবারকে ৩৫ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হবে। এছাড়া পরবর্তীতে আরও ৩ লক্ষ টাকা অনুদান দেওয়া হবে।
কাতারে নিহতরা হলেন- সিলেটের কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের আমরপুর গ্রামের মৃত আব্দুন নূরের ছেলে জিবাল উদ্দিন, মাঝতালুক গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিন, আগতালুক গ্রামের সেলিম আহমদের ছেলে মোস্তাক আহমদ, একই গ্রামের মৃত মড়া মিয়ার ছেলে জুবায়ের আহমদ এবং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের নিজ গাছবাড়ী গ্রামের বাহার উদ্দিনের ছেলে কাদের আহমদ।
উল্লেখ্য, গত রোববার (২১ জুন) সকালে কাতারের শাহানিয়া এলাকায় পাঁচজন একটি পিকআপ ভ্যানে করে কর্মস্থলে যাচ্ছিলেন। গাড়িটি নিয়ন্ত্রণ হারালে ঘটনাস্থলেই ছয়জন প্রাণ হারান। নিহত আরেকজন ভারতীয় নাগরিক। তাদের লাশ কাতারের স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা ছিল।





