ফিফা ফুটবল বিশ্বকাপে শুরু হয়েছে নকআউট পর্ব দামামা! মাঠের ফুটবলে জাদু দেখাতে শেষ বত্রিশে প্রতিদ্বন্দ্বী শুধু প্রতিপক্ষ দলই নয়, আরেকটি অদৃশ্য প্রতিপক্ষও অপেক্ষা করছে ফুটবলারদের জন্য।
যুক্তরাষ্ট্র ও কানজার বিস্তীর্ণ অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়েছে ‘হিট ডোম’ নামে পরিচিত এক আবহাওয়াগত পরিস্থিতি। এর ফলে বিশ্বকাপের শেষ-৩২ পর্বের বেশ কয়েকটি ম্যাচে খেলোয়াড় ও দর্শকদের চরম তাপদাহের মুখে পড়তে হতে পারে।
‘হিট ডোম’ হলো উচ্চচাপের একটি বিশাল বলয়, যা গরম বাতাস ও আর্দ্রতাকে আটকে রাখে। এর প্রভাবে যুক্তরাষ্ট্রের মধ্য ও পূর্বাঞ্চলের অনেক জায়গায় অনুভূত তাপমাত্রা ১০৫ থেকে ১১৫ ডিগ্রি ফারেনহাইট (প্রায় ৪১ থেকে ৪৬ ডিগ্রি সেলসিয়াস) পর্যন্ত পৌঁছাতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা।
আবহাওয়াবিদদের আশঙ্কা, এই পরিস্থিতি যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের ছুটির পুরো সময়জুড়েই থাকবে। ফলে টরন্টো, কানসাস সিটি, নিউ জার্সির ইস্ট রাদারফোর্ড ও ফিলাডেলফিয়াসহ একাধিক ভেন্যুতে ম্যাচগুলো তীব্র গরমের মধ্যে অনুষ্ঠিত হবে।
অ্যাকুওয়েদারের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ অ্যালান রিপার্ট বলেছেন, ‘সূর্য ডুবে যাওয়ার পরও গরম কমবে না। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেশি থাকবে।’
তার মতে, নিউইয়র্কে তাপমাত্রা ২০১৩ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। এমনকি সন্ধ্যার ম্যাচগুলোও গরমের প্রভাব থেকে মুক্ত থাকবে না।
এ অবস্থায় আবারও সামনে এসেছে খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টি। গত বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপেও প্রচণ্ড গরম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল আন্তর্জাতিক ফুটবলার সংগঠন ফিফপ্রো। তাদের মতে, এই পরিস্থিতি ফুটবলারদের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবার ‘সতর্কবার্তা’।
এবারের বিশ্বকাপে প্রতিটি ম্যাচের দুই অর্ধে বাধ্যতামূলক তিন মিনিটের ‘হাইড্রেশন ব্রেক’ চালু করেছে ফিফা। এতে খেলোয়াড়রা পানি পান ও শরীর ঠান্ডা করার সুযোগ পাচ্ছেন। যদিও অনেকের মতে, এটি ম্যাচের স্বাভাবিক ছন্দে ব্যাঘাত ঘটায়।
এরই মধ্যে টরন্টোতে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সেখানে পর্তুগাল ও ক্রোয়েশিয়ার ম্যাচ অনুষ্ঠিত হবে। শহরটিতে ‘হিট রিলিফ স্ট্র্যাটেজি’ও কার্যকর করা হয়েছে।
তবে সব ভেন্যু সমান ঝুঁকিতে নেই। আটলান্টা, ডালাস ও হিউস্টনের স্টেডিয়ামগুলোতে ছাদ বন্ধ করার ব্যবস্থা ও শীতাতপ নিয়ন্ত্রণ থাকায় সেখানে কিছুটা স্বস্তি মিলবে। কিন্তু খোলা স্টেডিয়ামগুলোর ম্যাচে গরমই হতে পারে সবচেয়ে কঠিন প্রতিপক্ষ।
এদিকে ৫ জুলাই কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে ব্রাজিলের মুখোমুখি হতে পারে নরওয়ে অথবা আইভরি কোস্ট। আজ মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১১টায় ডালাসে মুখোমুখি হচ্ছে এই দুই দল। এই লড়াইয়ের বিজয়ীর সঙ্গেই শেষ আটে ওঠার লড়াই ভিনিসিয়ুস জুনিয়রদের!





