দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সুরিয়াকে ঘিরে গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনীতিতে যোগ দেওয়ার গুঞ্জন ব্যাপক আলোচনার জন্ম দেয়। সম্প্রতি একটি ফ্যান মিটের ভিডিও ভাইরাল হওয়ার পর অনেকেই ধারণা করেন, তামিলনাড়ুর রাজনীতিতে অভিনেতা বিজয়ের পর এবার হয়তো সুরিয়াও রাজনৈতিক অঙ্গনে পা রাখতে চলেছেন। তবে সব ধরনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে সুরিয়ার ফ্যান সংগঠন ‘অল ইন্ডিয়া সুরিয়া ওয়েলফেয়ার মুভমেন্ট’।
ফ্যান ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে অতিথি বক্তা আর. বীরমানি যে রাজনৈতিক মন্তব্য করেছেন, তা সম্পূর্ণ তার ব্যক্তিগত মতামত। ওই বক্তব্যের সঙ্গে অভিনেতা সুরিয়া কিংবা ফ্যান ক্লাবের কোনো সম্পর্ক নেই। বরং বক্তব্যের শুরুতেই বীরমানি স্পষ্ট করে বলেছিলেন, তিনি নিজের ব্যক্তিগত মতামত তুলে ধরছেন। কিন্তু পরবর্তীতে ভিডিওটির একটি সম্পাদিত অংশ ছড়িয়ে দিয়ে বিভ্রান্তি তৈরি করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, আর. বীরমানি গত তিন বছর ধরে ‘অল ইন্ডিয়া সুরিয়া ওয়েলফেয়ার মুভমেন্ট’-এর কোনো প্রশাসনিক দায়িত্বে নেই। ফলে তার ব্যক্তিগত বক্তব্যকে ফ্যান ক্লাব বা সুরিয়ার আনুষ্ঠানিক অবস্থান হিসেবে প্রচার করা সম্পূর্ণ ভুল এবং বিভ্রান্তিকর। সংগঠনটি এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।
গত কয়েক বছরে তামিলনাড়ুর রাজনীতিতে চলচ্চিত্র তারকাদের অংশগ্রহণ নতুন করে আলোচনায় এসেছে। বিশেষ করে অভিনেতা বিজয়ের রাজনৈতিক দল গঠন ও সক্রিয় রাজনীতিতে প্রবেশের পর দক্ষিণী চলচ্চিত্রের আরও কয়েকজন জনপ্রিয় তারকাকে ঘিরে একই ধরনের জল্পনা শুরু হয়। সেই ধারাবাহিকতায় সুরিয়ার নামও আলোচনায় উঠে আসে। তবে ফ্যান ক্লাবের সাম্প্রতিক বিবৃতি সেই গুঞ্জনের অবসান ঘটিয়েছে।
সংগঠনটির ভাষ্য অনুযায়ী, বর্তমানে রাজনীতিতে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই সুরিয়ার। তিনি নিজের প্রতিষ্ঠিত ‘আগারাম ফাউন্ডেশন’-এর মাধ্যমে শিক্ষা, সমাজসেবা ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করতেই বেশি আগ্রহী। দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সহায়তা, শিক্ষাবৃত্তি প্রদান এবং বিভিন্ন সামাজিক উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে তিনি মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন। সমাজের জন্য কাজ করার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগকেই তিনি বেশি গুরুত্ব দেন বলে জানানো হয়েছে।
এছাড়া অভিনয় জীবন নিয়েও ব্যস্ত সময় পার করছেন এই জনপ্রিয় অভিনেতা। সামনে একাধিক নতুন চলচ্চিত্রের কাজ রয়েছে তার। ফলে চলচ্চিত্র ও সমাজসেবামূলক কর্মকাণ্ডই এখন তার প্রধান অগ্রাধিকার। নতুন কোনো রাজনৈতিক দল গঠন কিংবা সক্রিয় রাজনীতিতে যুক্ত হওয়ার যে গুঞ্জন ছড়িয়েছে, তার কোনো বাস্তব ভিত্তি নেই বলেও স্পষ্ট করেছে ফ্যান ক্লাব।
সবশেষে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আহ্বান জানিয়ে সংগঠনটি বলেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব, সম্পাদিত ভিডিও বা যাচাই-বাছাই ছাড়া প্রচারিত তথ্যের ওপর নির্ভর না করে শুধুমাত্র সুরিয়া কিংবা ফ্যান ক্লাবের আনুষ্ঠানিক ঘোষণাকেই বিশ্বাস করা উচিত। একই সঙ্গে বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বানও জানানো হয়েছে।





