বক্স অফিসে পপসম্রাটের ম্যাজিক

বিশ্ব বক্স অফিসে নতুন এক ইতিহাস গড়ল পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘মাইকেল’। বিশ্বজুড়ে ৯৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলার (প্রায় ৯৭৭ মিলিয়ন ডলার) আয় করে ক্রিস্টোফার নোলানের অস্কারজয়ী সিনেমা ‘ওপেনহাইমার’কে পেছনে ফেলেছে এটি। এর ফলে চলচ্চিত্র ইতিহাসের যেকোনো বাস্তব চরিত্রের ওপর নির্মিত সিনেমার তালিকায় ‘মাইকেল’ এখন সর্বকালের সর্বোচ্চ আয়ের রেকর্ডধারী বা ‘হাইয়েস্ট গ্রসিং বায়োপিক’।

চলতি বছরের এপ্রিলে মুক্তির প্রথম সপ্তাহেই বিশ্বজুড়ে ২১ কোটি ৭০ লাখ ডলার আয় করে তাক লাগিয়ে দিয়েছিল সিনেমাটি। এর আগে ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত বিশ্বখ্যাত ব্যান্ড ‘কুইন’-এর বায়োপিক ‘বোহেমিয়ান র‍্যাপসোডি’কে ছাড়িয়ে এটি আগেই ইতিহাসের সেরা মিউজিক্যাল বায়োপিক হিসেবে জায়গা করে নিয়েছিল। এবার নোলানের ‘ওপেনহাইমার’কেও ছাড়িয়ে গেল পপসম্রাটের এই জীবনগাথা। এটি এখন লায়ন্সগেট স্টুডিওর ইতিহাসেও সবচেয়ে সফল সিনেমা। প্রখ্যাত নির্মাতা অ্যান্টনি ফুকার পরিচালনায় এই সিনেমায় মাইকেল জ্যাকসনের শৈশব, ‘জ্যাকসন ফাইভ’ ব্যান্ডের শুরুর দিনগুলো থেকে শুরু করে এককভাবে বিশ্বমঞ্চ কাঁপানো পপ কিং হয়ে ওঠার গল্প ফুটিয়ে তোলা হয়েছে।

সিনেমায় সবচেয়ে বড় চমক ছিল মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করা তারই আপন ভাতিজা জাফর জ্যাকসন। পপসম্রাটের লুক, হাঁটাচলা ও নাচের নিখুঁত অনুকরণের জন্য দর্শকের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছেন জার্মেইন জ্যাকসনের এই সন্তান। তবে বক্স অফিসে তুমুল ঝড় তুললেও সমালোচকদের মন পুরোপুরি জয় করতে পারেনি সিনেমাটি। অনেক চলচ্চিত্র সমালোচক একে ‘হোয়াইটওয়াশ’ বা বিতর্ক আড়ালের চেষ্টা বলে মন্তব্য করেছেন। মাইকেল জ্যাকসনের জীবনের বিভিন্ন বিতর্কিত অধ্যায় ও যৌন নিপীড়নের অভিযোগগুলো আইনি জটিলতা বা এনডিএ-র কারণে সিনেমাটিতে এড়িয়ে যাওয়া হয়েছে, যা নিয়ে তৈরি হয়েছে সমালোচনা।

সমালোচকদের নেতিবাচক মন্তব্য সত্ত্বেও দর্শক ও সাধারণ ভক্তরা সিনেমাটি লুফে নিয়েছেন, যার প্রমাণ রটেন টম্যাটোসের মতো রেটিং সাইটগুলোতে মিলছে। শুধু সিনেমা হলই নয়, বড় পর্দায় এই ধামাকার পর ওটিটি বা স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতেও মাইকেল জ্যাকসনের গানের শ্রোতা এক ধাক্কায় বহুগুণ বেড়ে গেছে। বর্তমানে বিশ্বজুড়ে স্পটিফাই ও ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলোতে পপসম্রাটের আইকনিক গানগুলো আবারও রাজত্ব করছে।

বিশ্বজুড়ে ভক্তদের এই অভূতপূর্ব উন্মাদনা দেখে জানা গেছে, লায়ন্সগেট স্টুডিও খুব শিগগিরই মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে আরও একটি সিক্যুয়েল বা পরবর্তী পর্ব নির্মাণের পরিকল্পনা করছে।

সূত্র: বিবিসি