হাইকোর্টের গরু জবাই নিষেধাজ্ঞাকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করল থালাপতি

ভারতের তামিলনাড়ু রাজ্যে গরু ও বাছুর জবাইয়ের ওপর মাদ্রাজ হাইকোর্টের দেওয়া নিষেধাজ্ঞার বিরুদ্ধে দেশটির সুপ্রিম কোর্টে আপিল করেছে অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন তামিলগা ভেত্রি কাজাগম (টিভিকে) সরকার। গত ১ জুলাই দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

রাজ্য সরকারের দাবি, হাইকোর্টের এই রায় ‘তামিলনাড়ু পশু সংরক্ষণ আইন, ১৯৫৮’-এর পরিপন্থী। বিদ্যমান রাজ্য আইনে স্পষ্ট বলা আছে, ১০ বছরের বেশি বয়সী এবং কর্মক্ষমতা বা প্রজননক্ষমতা হারানো গরু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে জবাই করা যাবে। ফলে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা রাজ্য আইনসভার ক্ষমতার পরিপন্থী এবং আদালতের এখতিয়ার বহির্ভূত।

এর আগে গত ২৭ মে হিন্দুত্ববাদী সংগঠন ‘ইন্দু মাক্কাল কাচ্চি’র এক আবেদনের পরিপ্রেক্ষিতে মাদ্রাজ হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ ঈদুল আজহাসহ বছরের যেকোনো সময় প্রকাশ্যে গরু ও বাছুর জবাই ঠেকাতে প্রশাসনকে নির্দেশ দেন। তবে রায়ে আইনি অসঙ্গতি ও বিদ্যমান আইনের লঙ্ঘন হওয়ায় বিষয়টি এখন সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করল বিজয় সরকার।