বিতর্কের পর বক্স অফিসেও ধাক্কার মুখোমুখি ‘আলফা’

অ্যাকশনধর্মী চরিত্রে নতুনভাবে নিজেকে তুলে ধরেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। তবে বহুল আলোচিত তাঁর নতুন সিনেমা আলফা মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি। বড় বাজেট ও ব্যাপক প্রচারণা সত্ত্বেও ছবিটির উদ্বোধনী আয় নির্মাতা ও বক্স অফিস বিশ্লেষকদের হতাশ করেছে।

সিনেমা বাণিজ্য বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, শুক্রবার মুক্তি পাওয়া ‘আলফা’ ভারতে ৭ হাজার ৫৩৪টি প্রদর্শনী থেকে প্রথম দিনে আয় করেছে ৯ কোটি রুপি। আন্তর্জাতিক বাজার থেকে এসেছে আরও প্রায় ৫ কোটি রুপি। সব মিলিয়ে ছবিটির প্রথম দিনের বৈশ্বিক আয় দাঁড়িয়েছে প্রায় ১৫ কোটি ৮০ লাখ রুপি।

শুধু আয় নয়, প্রেক্ষাগৃহে দর্শক উপস্থিতিও ছিল প্রত্যাশার তুলনায় কম। দিনজুড়ে গড় আসন পূরণ হয়েছে ২০ দশমিক ৪০ শতাংশ। তবে রাতের শোগুলোতে দর্শকের উপস্থিতি তুলনামূলক কিছুটা বেশি ছিল, যা নির্মাতাদের জন্য সামান্য ইতিবাচক দিক হিসেবে দেখা হচ্ছে।

যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের আগের সিনেমাগুলোর সঙ্গে তুলনা করলে ‘আলফা’ অনেকটাই পিছিয়ে। পাঠান প্রথম দিনে ৫৭ কোটি রুপি, টাইগার ৩ ৪৩ কোটি এবং ওয়ার ২ ৫২ কোটি রুপি আয় করে শক্ত অবস্থান তৈরি করেছিল। সেই তুলনায় ‘আলফা’র উদ্বোধনী ব্যবসা অনেকটাই ম্লান।

তবে একটি ইতিবাচক দিকও রয়েছে। আলিয়ার আগের সিনেমা জিগরা-র প্রথম দিনের আয়ের চেয়ে ‘আলফা’ কিছুটা এগিয়ে রয়েছে, যা নির্মাতাদের জন্য স্বস্তির খবর।

মুক্তির আগেই ছবিটি নানা বিতর্কে জড়ায়। বিশেষ করে অ্যাকশন দৃশ্যে আলিয়ার অভিনয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা হয়। পাশাপাশি একটি জনপ্রিয় ব্যঙ্গধর্মী অনলাইন অনুষ্ঠানে তাঁর উপস্থিতির পর সেই বিতর্ক আরও তীব্র হয়। চলচ্চিত্র অঙ্গনের একাংশের ধারণা, ছবিকে আলোচনায় রাখতে ইচ্ছাকৃতভাবেই নেতিবাচক প্রচারণার কৌশল নেওয়া হয়েছিল।

ভারতীয় মূলধারার সিনেমায় বড় বাজেটের অ্যাকশন চলচ্চিত্রে সাধারণত পুরুষ তারকারাই নেতৃত্ব দেন। সেই জায়গায় নারীকেন্দ্রিক অ্যাকশন সিনেমা হিসেবে ‘আলফা’ শুরু থেকেই আলাদা আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল। এখন সবার নজর সপ্তাহান্তের বক্স অফিসে। প্রথম দিনের ধাক্কা সামলে ছবিটি ঘুরে দাঁড়াতে পারে কি না, সেটিই এখন দেখার বিষয়।