আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল দেখার আশা ব্যক্ত করলেন মার্সেলো সেসা

ফুটবল বিশ্বকাপ নিয়ে বাংলাদেশি সমর্থকদের আকাশচুম্বী উন্মাদনা এখন বিশ্বজুড়ে সমাদৃত। বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসারও এ দেশের মানুষের ফুটবলপ্রেম স্বচক্ষে দেখে অভিভূত হয়েছেন।

গত শনিবার (০৪ জুলাই) সন্ধ্যায় ‘টি স্পোর্টস’-এর একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি ফুটবলকে কেন্দ্র করে সমর্থকদের মারামারি ও বিশৃঙ্খলা থেকে দূরে থাকার আহ্বান জানান। তিনি মনে করিয়ে দেন, ফুটবল কেবলই একটি খেলা এবং এর মূল উদ্দেশ্য মানুষকে বিনোদন দেওয়া ও ঐক্যবদ্ধ করা।

অনুষ্ঠানে আসন্ন বিশ্বকাপের ফাইনাল নিয়ে নিজের প্রত্যাশার কথা জানান মার্সেলো সেসা। উপস্থাপকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এবারের ফাইনালে তিনি আবারও আর্জেন্টিনা এবং ফ্রান্সকে মুখোমুখি দেখতে চান।

ফ্রান্সকে ফাইনালে দেখার পেছনে যুক্তি দিয়ে আর্জেন্টাইন রাষ্ট্রদূত বলেন, বর্তমান ফুটবল বিশ্বে আর্জেন্টিনার পাশাপাশি ফ্রান্সই সবচেয়ে শক্তিশালী দল, যাদের স্কোয়াডে এককভাবে ম্যাচ জেতানোর মতো বহু তারকা পারফর্মার রয়েছেন।