আদাবরে বিএনপি নেতা বাদশা হত্যা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

রাজধানীর আদাবরে ফুটবল খেলা দেখা নিয়ে দ্বন্দ্বে বিএনপি নেতা মো. আবুল বাশার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ও মামলার ২ নম্বর আসামি পারভেজকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৫ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২ জুলাই) রাতে আলোচিত এ হত্যাকাণ্ডের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তাররা হলেন- রিপন, নিরব, মজনু মিয়া ও মো. মিজানুর রহমান। সেই সঙ্গে অভিযানে তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকুও জব্দ করা হয়েছে।

গত বুধবার (১ জুলাই) রাতে আদাবরের নবোদয় বাজার এলাকায় ফুটবল খেলা দেখা নিয়ে দ্বন্দ্বের সালিশ বৈঠক চলাকালে বিএনপি নেতা আবুল বাশার বাদশাসহ দু’জনকে কুপিয়ে জখম করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাদের প্রথমে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এরপর সেখান থেকে বাদশাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহত আবুল বাশার বাদশা আদাবরের নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া আহত অপরজন হলেন- আদাবরের নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সভাপতি সাদ্দাম হোসেন।

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, ব্রাজিল ও জাপানের খেলা দেখা নিয়ে গত ২৯ জুন রাতে নবোদয় হাউজিংয়ে দুই পক্ষের মারামারি হয়। ওই ঘটনায় নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা একটি পক্ষ এবং একই এলাকার রিপন ও পারভেজ আরেকটি পক্ষ ছিল। এ নিয়ে বুধবার (১ জুলাই) সন্ধ্যায় দুই পক্ষই মীমাংসার জন্য নবোদয় হাউজিংয়ে সালিশের জন্য বসে।

তবে বৈঠকে কোনো সমাধান না হওয়ায় রাত ৮টার দিকে বিএনপি নেতা সাদ্দাম ও বাদশা সেখান থেকে চলে যাচ্ছিলেন। ওই সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাদের শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়। পরে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক আবুল বাশার বাদশাকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত সাদ্দাম হোসেন বর্তমানে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।