প্রতিশোধ নয়, ঐক্যের মাধ্যমে দেশ গড়ার ডাক প্রধানমন্ত্রীর

জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী
প্রতিশোধ নয়, ঐক্য
মা বলতেন, ‘প্রতিশোধ নয়, দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে যাও’
বিচারের নামে যেন কারো প্রতি অবিচার করা না হয়
জুলাইয়ে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন করা সরকারের দায়িত্ব
জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলনে’ প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষকে প্রতিশোধের রাজনীতি পরিহার করে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

গতকাল শনিবার ( ৪ জুলাই) আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই সম্মেলনে তিনি তাঁর মায়ের একটি উপদেশ স্মরণ করে বলেন, ‘প্রতিশোধ নয়, দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে যাও’।

একই সাথে তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, স্বৈরাচারী সরকার যেভাবে মানুষের ওপর অন্যায় করেছিল, বর্তমান সময়ে যেন বিচারের নামে কারও প্রতি কোনো ধরনের অবিচার করা না হয়, সে বিষয়ে সবাইকে অত্যন্ত সচেতন থাকতে হবে।

‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ এবং ‘আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় নির্বাহী কমিটি’র যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে প্রধানমন্ত্রী স্পষ্ট করেন যে, ৫ আগস্টের ঐতিহাসিক অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়, বরং এটি দল-মত নির্বিশেষে দেশের প্রতিটি গণতন্ত্রকামী ও শান্তিপ্রিয় মানুষের।

তিনি উল্লেখ করেন, জাতিসংঘের হিসাবে ১ হাজার ৪০০ জন শহীদ হওয়ার কথা বলা হলেও, তাঁর হিসাব অনুযায়ী এই আন্দোলনে প্রায় দুই হাজার মানুষ প্রাণ হারিয়েছেন এবং ৩০ হাজারেরও বেশি মানুষ সার্বিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

শহীদ ও আহতদের সঠিক মূল্যায়ন এবং পুনর্বাসন করা বর্তমান সরকারের পবিত্র দায়িত্ব উল্লেখ করে তিনি আশ্বস্ত করেন যে, দেশের প্রচলিত আইনেই প্রতিটি হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট বিচার নিশ্চিত করা হবে।

সম্মেলনে উপস্থিত স্বজনহারা পরিবারের সদস্য ও আহত যোদ্ধারা প্রধানমন্ত্রীর সামনে তাঁদের নানা দাবি, আর্তনাদ ও কষ্টের কথা তুলে ধরলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।