রোনালদো-ইয়ামাল দ্বৈরথে জমবে রাত, আজ ব্যস্ত সূচি

ক্রীড়াপ্রেমীদের জন্য আজ ৬ জুলাই হতে যাচ্ছে ব্যস্ত এক দিন। বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বের রোমাঞ্চকর লড়াই, বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট, উইম্বলডনের গুরুত্বপূর্ণ ম্যাচ-সব মিলিয়ে দিনজুড়েই টেলিভিশনের পর্দায় থাকবে উত্তেজনার রেশ। তবে দিনের সবচেয়ে আলোচিত আয়োজন নিঃসন্দেহে বিশ্বকাপের শেষ ষোলোতে পর্তুগাল ও স্পেনের আইবেরিয়ান মহারণ।

সোমবার দিবাগত রাত ১টায় আর্লিংটনের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি হবে রবার্তো মার্তিনেসের পর্তুগাল ও লুইস দে লা ফুয়েন্তের স্পেন। বিশ্ব ফুটবলের অন্যতম ঐতিহ্যবাহী এই প্রতিদ্বন্দ্বিতায় একদিকে থাকবেন ক্রিশ্চিয়ানো রোনালদো, যার জন্য এটি হতে পারে শেষ বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। অন্যদিকে স্পেনের আক্রমণের অন্যতম ভরসা তরুণ লামিন ইয়ামাল চাইবেন নিজের দলকে শেষ আটে তুলে নিতে।

দুই দলের ইতিহাস স্পেনের পক্ষেই কথা বলে। ৪১টি মুখোমুখি লড়াইয়ে স্পেনের জয় অনেক বেশি, আর পর্তুগাল জিতেছে মাত্র সাতবার। তবে সাম্প্রতিক স্মৃতি অবশ্য পর্তুগালের পক্ষে। ২০২৪-২৫ নেশনস লিগের ফাইনালে স্পেনকে টাইব্রেকারে হারিয়েই শিরোপা জিতেছিল রোনালদোরা। এবার সেই আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে তারা।

তবে পর্তুগালের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে স্পেনের রক্ষণভাগ। পুরো টুর্নামেন্টে দুর্ভেদ্য রক্ষণ গড়ে প্রতিপক্ষের আক্রমণ ঠেকিয়ে রেখেছে লা রোজারা। ফলে রোনালদোদের আক্রমণভাগের জন্য এটি হতে যাচ্ছে সবচেয়ে কঠিন পরীক্ষা। ম্যাচ শেষে হাসবে অভিজ্ঞতার পর্তুগাল, নাকি তারুণ্যে ভর করা স্পেন-সেই উত্তর মিলবে ৯০ মিনিটের লড়াইয়ে।

বিশ্বকাপের আরেকটি শেষ ষোলোর ম্যাচে মঙ্গলবার ভোর ৬টায় মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র ও বেলজিয়াম। দুটি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি।

ফুটবলের উত্তেজনার পাশাপাশি বাংলাদেশের ক্রিকেট সমর্থকদেরও ব্যস্ত সময় কাটবে। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দুপুর ১টা ৩০ মিনিটে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি সরাসরি দেখাবে টি স্পোর্টস ও নাগরিক টিভি।

টেস্ট ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হবে রাত ৮টায়। এদিকে টেনিসপ্রেমীদের জন্যও রয়েছে উইম্বলডনের শেষ ষোলোর লড়াই।

ফুটবল

ফুটবল বিশ্বকাপ ২০২৬

রাউন্ড অব সিক্সটিন

পর্তুগাল-স্পেন

সরাসরি, রাত ১টা

যুক্তরাষ্ট্র-বেলজিয়াম

সরাসরি, মঙ্গলবার ভোর ৬টা

বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি

ক্রিকেট

বাংলাদেশ- জিম্বাবুয়ে

প্রথম ওয়ানডে

সরাসরি, দুপুর ১টা ৩০ মিনিট

টি স্পোর্টস ও নাগরিক টিভি

ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলঙ্কা

দ্বিতীয় টেস্ট, তৃতীয় দিন

সরাসরি, রাত ৮টা

ফ্যানকোড

টেনিস

উইম্বলডন

রাউন্ড অব সিক্সটিন

সরাসরি, বিকাল ৪টা

স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২