তীব্র বাজেট ঘাটতি ও অর্থসংকটের কারণে চলতি জুলাই মাসের শেষের দিকে প্রায় ১০ হাজার রিজার্ভ সেনাকে (সংরক্ষিত বাহিনীর সদস্য) দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইসরাইলি সেনাবাহিনী।
রোববার( ০৫ জুলাই) দেশটির সংবাদমাধ্যম ‘হায়োম’-এর এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ইসরাইলের প্রায় ৬০ হাজার রিজার্ভ সেনা সক্রিয় দায়িত্ব পালন করছেন। সেনাবাহিনীর বাজেটের ওপর বড় ধরনের চাপ থাকায় এই সংখ্যা কমিয়ে ৫০ হাজারে নামিয়ে আনার পরিকল্পনা করা হচ্ছে। তবে এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও আগামী কয়েক দিনের মধ্যেই তা নেওয়া হতে পারে।
মূলত সামরিক ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় ইসরাইলি সেনাবাহিনী এই বড় অর্থসংকটে পড়েছে। বিষয়টি নিয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যে বড় ধরনের মতবিরোধ চলছিল। সেনাবাহিনী একাধিক আঞ্চলিক সংঘাতের কারণে বাজেট রেকর্ড পরিমাণ বাড়ানোর দাবি করলেও অর্থ মন্ত্রণালয় মনে করছে, এতে সরকারের বাজেট ঘাটতি আরও বাড়বে। শেষ পর্যন্ত দুই পক্ষের সমঝোতা অনুযায়ী, রিজার্ভ সেনার ওপর নির্ভরতা ও সামরিক পরিচালন ব্যয় কমানোর শর্তে সেনাবাহিনীকে অতিরিক্ত অর্থ দিতে সম্মত হয়েছে অর্থ মন্ত্রণালয়।





