ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তেহরানে অনুষ্ঠিত ‘ইমাম খামেনি; প্রতিরোধের চিরন্তন নেতা’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে ঘোষণা করেছেন, সর্বোচ্চ নেতা খামেনি তাঁর চিন্তা ও হৃদয়ে সবসময় জীবন্ত এবং তিনি কখনোই এই শহীদ নেতাকে বিদায় জানাবেন না।
মহান নেতার শেষ বিদায় অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত অতিথিদের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আশা প্রকাশ করেন, এই সংহতি বিশ্ব মুসলিমের ঐক্যকে আরও সুদৃঢ় করবে এবং আধিপত্যবাদী শক্তির সন্ত্রাস ও গণহত্যার বিরুদ্ধে প্রতিরোধ গড়তে সাহায্য করবে।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান উল্লেখ করেন, জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অশ্রুই খামেনির অনন্য মর্যাদার প্রমাণ, যিনি আজীবন ইসলামী উম্মাহর ঐক্যের ওপর জোর দিয়েছেন। ইসরায়েলি অপরাধ এবং এর প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের নিন্দা জানিয়ে তিনি বলেন, গাজা, লেবানন, সিরিয়াসহ পুরো অঞ্চলে মেধাবী ব্যক্তিত্ব ও বিজ্ঞানীদের পরিকল্পিতভাবে হত্যা করে ইসলামী সমাজকে দুর্বল করার চেষ্টা চলছে।
মুসলমানদের অভ্যন্তরীণ বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আল্লাহর পথে পরিচালিত নেতাদের চিন্তাধারা শাহাদাতের মাধ্যমে কখনো থেমে যায় না, বরং তা পরবর্তী প্রজন্মকে সত্য ও ন্যায়ের পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয়।





