আর্জেন্টিনা-মিসর মহারণে জিতবে কে? জানাল সুপারকম্পিউটার

বিশ্বকাপের শেষ ষোলোতে আজ মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার প্রতিনিধি মিসর। দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্সে জমে উঠেছে লড়াই। ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর এই ম্যাচে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা বেশি দেখছে বিশ্বখ্যাত ক্রীড়া পরিসংখ্যান ও বিশ্লেষণকারী প্রতিষ্ঠান অপটার সুপারকম্পিউটার।

অপটারের পূর্বাভাস অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৬৯ দশমিক ১ শতাংশ। অন্যদিকে, মিসরের জয়ের সম্ভাবনা মাত্র ১২ দশমিক ৩ শতাংশ। ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ১৮ দশমিক ৫ শতাংশ।

শেষ ষোলোতে যেভাবে উঠেছে দুই দল
গ্রুপ ‘জে’ থেকে তিন ম্যাচের সবকটিতে জিতে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে নকআউট পর্বে ওঠে আর্জেন্টিনা। এরপর রাউন্ড অব ৩২-এ কেপ ভার্দের বিপক্ষে অতিরিক্ত সময় পর্যন্ত গড়ানো রোমাঞ্চকর ম্যাচে ৩-২ ব্যবধানে জয় পেয়ে শেষ ষোলো নিশ্চিত করে লিওনেল স্কালোনির দল।

অন্যদিকে, গ্রুপ ‘জি’ থেকে ৫ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয় মিসর। রাউন্ড অব ৩২-এ অস্ট্রেলিয়ার সঙ্গে ১-১ সমতার পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জিতে ইতিহাস গড়ে শেষ ষোলোয় ওঠে তারা। এটি বিশ্বকাপের নকআউট পর্বে মিসরের প্রথম জয়।

মেসির সামনে নতুন রেকর্ড
এবারের বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে আছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। চার ম্যাচে সাত গোল করে তিনি গোল্ডেন বুটের দৌড়ে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ও নরওয়ের এরলিং হালান্ডের সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন। এমবাপ্পে দুটি অ্যাসিস্ট বেশি করায় আপাতত তালিকার শীর্ষে।

অপটার সুপারকম্পিউটারের পূর্বাভাস

আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা: ৬৯.১%

মিশরের জয়ের সম্ভাবনা: ১২.৩%

অতিরিক্ত সময়ে যাওয়ার সম্ভাবনা: ১৮.৫%

মিসরের বিপক্ষে গোল করতে পারলে মেসি এক বিশ্বকাপে আট গোল করা দ্বিতীয় আর্জেন্টাইন ফুটবলার হবেন। এর আগে ১৯৩০ বিশ্বকাপে এই কীর্তি গড়েছিলেন গিয়ের্মো স্তাবিলে।

ক্লান্তি ভাবাচ্ছে দুই দলকে
শেষ ম্যাচে দুই দলকেই অতিরিক্ত সময় খেলতে হয়েছে। কেপ ভার্দের বিপক্ষে ১২০ মিনিট লড়াই করার পর মেসি নিজেও ক্লান্তির কথা স্বীকার করেছিলেন। একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১২০ মিনিটের ম্যাচ খেলেছে মিসরও। ফলে পর্যাপ্ত বিশ্রাম না পাওয়া দুই দলের জন্যই বড় চ্যালেঞ্জ হতে পারে।

মিসরের আক্রমণের মূল ভরসা অধিনায়ক মোহাম্মদ সালাহ। যদিও অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ের সামান্য সমস্যায় ভুগেছেন তিনি। আর্জেন্টিনার বিপক্ষে পুরোপুরি ফিট সালাহকে পাওয়া গেলে মিশরের পাল্টা আক্রমণ আরও কার্যকর হতে পারে। তার সঙ্গে থাকবেন ওমর মারমুশ।

আর্জেন্টিনা-মিসর ম্যাচের বিজয়ী দল কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড ও কলম্বিয়ার মধ্যকার ম্যাচের বিজয়ীর মুখোমুখি হবে।