দক্ষিণ ইউরোপে ভয়াবহ দাবানল: বনাঞ্চল ধ্বংস, বাস্তুচ্যুত ১০ হাজার

তীব্র তাপপ্রবাহের পর ভয়াবহ দাবানলে বিপর্যস্ত হয়ে পড়েছে দক্ষিণ ইউরোপের ফ্রান্স, স্পেন, পর্তুগাল ও গ্রিস। দ্রুত ছড়িয়ে পড়া আগুনে ইতোমধ্যে প্রায় ২০ হাজার হেক্টর বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে।

সবচেয়ে সংকটপূর্ণ অবস্থা ফ্রান্সের স্পেন সীমান্তবর্তী পিরেনিজ অঞ্চলে, যেখান থেকে ১০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুষ্ক আবহাওয়া ও দমকা বাতাসের কারণে ৭০০ দমকলকর্মীর অভিযান ব্যাহত হচ্ছে।

এদিকে স্পেনের কাতালোনিয়া ও কাস্তেলন প্রদেশের জাতীয় উদ্যানে আগুন ছড়িয়ে পড়ায় পাঁচ শতাধিক বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। পর্তুগালের মধ্যাঞ্চলের ভউজিলা এলাকায় দাবানলে পুড়ে গেছে প্রায় ১৩ হাজার হেক্টর এলাকা। গ্রিসের থেসালোনিকিতে বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়ায় আশপাশের এলাকা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।

দাবানলের তীব্র প্রভাবে জনপ্রিয় সাইক্লিং প্রতিযোগিতা ‘ট্যুর ডি ফ্রান্স’-এর তৃতীয় ধাপে দর্শকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। জলবায়ু গবেষকদের মতে, দীর্ঘস্থায়ী শুষ্ক আবহাওয়া ও তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছানোর পূর্বাভাসের কারণেই ইউরোপে এমন চরম বিপর্যয় দেখা দিয়েছে।