মুন্সীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুই নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বহিষ্কৃতরা হলেন সিরাজদিখান উপজেলা জামায়াতের রুকন ও সাবেক রশুনিয়া ইউনিয়ন আমির মাওলানা মনির হোসেন এবং মুন্সীগঞ্জ সদর উপজেলার রুকন আমিনুল ইসলাম নাসির।
সোমবার (৬ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দলীয় সূত্র জানায়, নৈতিক স্খলন, সংগঠনের মধ্যে বিভেদ সৃষ্টি এবং জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগে তাদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াতের আমির তাদের সদস্য (রুকন) পদ বাতিল করেছেন। ফলে মাওলানা মনির হোসেন ও আমিনুল ইসলাম নাসির বর্তমানে জামায়াতের কোনো পদে নেই এবং তারা আর দলটির সদস্যও নন।
মাওলানা মনির হোসেন দীর্ঘদিন সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়ন জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশন, সিরাজদিখান উপজেলা শাখার সাধারণ সম্পাদকও ছিলেন।
গত জাতীয় সংসদ নির্বাচন চলাকালে তিনি বিএনপির প্রার্থী শেখ মো. আব্দুল্লাহর হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়ে বিএনপিতে যোগদানের ঘোষণা দিয়েছিলেন, যা দলীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দেয়।





