এটার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে: বিস্ফোরণ প্রসঙ্গে নাহিদ ইসলাম

সাভারে জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাসব্যাপী কর্মসূচির পদযাত্রার সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

সোমবার (৬ জুলাই) রাত ১১টার দিকে সাভার মডেল থানা প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, এ ধরনের ঘটনা ঘটা মানেই পুলিশের ব্যর্থতা, আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা। আমরা মনে করছি, আইনশৃঙ্খলা জনিত থেকে এটার পেছনে রাজনৈতিক একটা উদ্দেশ্য আছে।

নাহিদ ইসলাম বলেন, এ ধরনের ঘটনা ঘটা মানেই পুলিশের ব্যর্থতা, আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা। আমরা মনে করছি, আইনশৃঙ্খলা জনিত থেকে এটার পেছনে রাজনৈতিক একটা উদ্দেশ্য আছে।

তিনি বলেন, পুলিশকে যদি দলীয়করণ করা হয়, পুলিশ এই ধরনের ঘটনায় আমাদের প্রটেক্ট (রক্ষা) করতে পারবে না। কারণ পুলিশ রাজনৈতিক নির্দেশে তখন কাজটা করবে। এখন পুলিশ যদি গ্রেপ্তার করতে পারে, তবে বুঝবো পুলিশ নিরপেক্ষভাবে কাজ করছে। পুলিশ বলছে, তাদের ইচ্ছা ছিল কিন্তু তারা ব্যর্থ হয়েছে।

তিনি আরও বলেন, পুলিশ গ্রেফতার করতে পারছে কিনা, এটার ওপরই পরিষ্কার হয়ে যাবে পুলিশ বাংলাদেশে আসলে কতটা সুরক্ষা দিতে পারে। আমরা দেখেছি পুলিশ উপস্থিত ছিল। কিন্তু বিদ্যুৎ চলে যাওয়ার পরে পুলিশের আমরা কোনো সক্রিয়তা দেখিনি। বোমা হামলার পরে কিছু পুলিশ এসেছিল, আমাদের রক্ষা করার চেষ্টা করেছে। কিছু পুলিশ চলে গেছে। তারা বলছে, চেষ্টা আছে।

জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, এখন আমরা দেখতে চাই, মুখে নয়, গ্রেফতার করার মাধ্যমে তাদের যে চেষ্টা আছে ন্যায়বিচার নিশ্চিত করা, সন্ত্রাসীদের গ্রেফতার করা, সাভার এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করার এটা আমরা প্রমাণ পাবো যদি গ্রেফতার করতে পারে।

তিনি বলেন, আমাদের এখন পর্যন্ত দুইজন আহতের খবর পেয়েছি। আমরা হাসপাতালে যাব তাদের দেখতে। আমাদের জুলাই পদযাত্রা চলমান থাকবে। যা কিছু হোক, চলমান থাকবে।

এ সময় তার সঙ্গে মুখ্য সংগঠক সারজিস আলম, ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদসহ এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আহত চারজন

এ ঘটনায় অন্তত চার জন আহত হয়েছেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন।

তিনি বলেন, ‘সাভারে এনসিপির জুলাই পদযাত্রায় বোমা হামলায় তিন জন আহত হয়েছেন। তাদের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে তাদের নাম ও বিস্তারিত পরিচয় জানা যায়নি।’

আহতরা হলেন- মো. শাহীন খন্দকার (৩০), মো. জসিম (২৬) ও মো. শাহাদাত হোসেন (৪০) ও ইমরান হোসেন। তারা সাভারের বিভিন্ন এলাকার বাসিন্দা।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ইএমও ডা. হাসান বলেন, আমরা চারজন রোগী পেয়েছি। এরমধ্যে পায়ে একজনের গুরুতর আঘাত ছিল। এরমধ্যে তিনজনকে জরুরি বিভাগে চিকিৎসা দিয়ে অস্ত্রোপচারের জন্য পাঠানো হয়েছে। অপরজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। রোগীরা বোমা বিস্ফোরণের কথা বলেছেন। তাদের এক্স-রেসহ বাকি পরীক্ষা করার পর বিস্তারিত জানানো যাবে।

সভা শুরুর পরপরই বিস্ফোরণ, প্রতিবাদে মিছিল

এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত বলেন, ‌‘সমাবেশে ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য দিচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা বোমার বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের সময় সমাবেশের মঞ্চে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন এমপি এবং মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। তবে তারা আহত হননি।’

জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শুরু হয়েছে ‘জুলাই পদযাত্রা’। সোমবার বিকালে গাজীপুরের কালীগঞ্জ শ্রমিক কলেজ এলাকা থেকে এই পদযাত্রা শুরু হয়। সেখানে অনুষ্ঠান শেষে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সাভারে আসেন। পদযাত্রা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির সভাপতি তারিকুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক রিফাত রশীদ। এ ছাড়া উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক আলী নাসের খান প্রমুখ।

এ ঘটনায় তাৎক্ষণিক জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের ইসলামের নেতৃত্বে প্রতিবাদী মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা।