মিসরকে অন্যায়ভাবে হারিয়ে দেওয়া হয়েছে: জোহরান মামদানি

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে মিসরের ৩-২ গোলের হারের পর ম্যাচ পরিচালনা নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে, তাতে এবার নিজের মত প্রকাশ করেছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি।

বুধবার (৮ জুলাই) নির্বাচনি এলাকার ভোটারদের উদ্দেশ্যে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, মিসরের পরাজয় কেবল মাঠের লড়াইয়ের ফল নয়; তার মতে, দলটি ‘স্বজনপ্রীতি’ বা পক্ষপাতিত্বের শিকার হয়েছে।

সেদিন নিউ ইয়র্ক সিটির বাসসেবা আরও দ্রুত ও কার্যকর করার লক্ষ্যে ‘নেক্সট স্টপ: বেটার বাসেস, ফাস্টার সার্ভিস’ শীর্ষক একটি উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন মামদানি। যাতায়াতে সময় সাশ্রয়ের সুফল তুলে ধরতে গিয়ে তিনি মিসরের পরাজয়ের প্রসঙ্গও উল্লেখ করেন।

বক্তব্যে তিনি বলেন, ‘আপনারা যদি কর্মস্থলে যেতে বাস ব্যবহার করেন, তাহলে কিছুটা সময় সাশ্রয় হবে। ছয় মাসের মধ্যে বাসে যাতায়াতে ২৪ ঘণ্টা কম সময় ব্যয় করবেন। আর এক বছরের মধ্যে যাতায়াতের সময় থেকে দুই দিনেরও বেশি সময় বাঁচাতে পারবেন।’

এরপর তিনি বলেন, ‘এই অতিরিক্ত সময়ের অর্থ হলো পরিবারের সঙ্গে সকালের নাস্তা করার সুযোগ। সন্তানের লিটল লিগ খেলায় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে তর্ক করার সময়। রাতে ঘুমানোর আগেই বাড়ি ফিরতে পারা। আর বন্ধুদের সঙ্গে বসে এই বিষয়ে একমত হওয়া যে—গতকাল মিসরকে অন্যায়ভাবে হারিয়ে দেওয়া হয়েছে। সবশেষে, এর অর্থ নিউইয়র্কবাসীদের কাছে তাদের মূল্যবান সময় ফিরিয়ে দেওয়া।’