গৌরীর আংটিতে আমিরের বিশেষ চমক

বলিউড তারকা আমির খান ও গৌরী স্প্র্যাটের বিয়ে হয়েছে একেবারেই ঘরোয়া পরিবেশে। কোনো বড় আয়োজন বা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান নয়, বরং পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতেই জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন এই দম্পতি। তবে সাদামাটা আয়োজনের মাঝেও একটি বিষয় এখন সবার নজর কেড়েছে—গৌরীর বিয়ের আংটি।

জানা গেছে, আমির খানের বিশেষ উপহার হিসেবে তৈরি করা হয়েছে এই আংটি। বিরল প্রাকৃতিক রুবি, হীরা এবং নিখুঁত কারুকাজে তৈরি এই অলংকার এখন বলিউডে আলোচনার বিষয় হয়ে উঠেছে। আংটির মূল আকর্ষণ হলো মাদাগাস্কার থেকে সংগ্রহ করা একটি বিশেষ রুবি, যা এর সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, উপযুক্ত মান ও রঙের রুবি খুঁজে পেতে দীর্ঘ সময় লেগেছে। এরপর সেই রত্নকে কেন্দ্র করে তৈরি করা হয় আংটির নকশা। রুবিটির চারপাশে বসানো হয়েছে ৪০টি প্রাকৃতিক হীরা। শুধু তাই নয়, আংটির প্রতিটি অংশে রয়েছে সূক্ষ্ম কারুকাজ।

এই বিশেষ আংটি তৈরিতে কাজ করেছেন ১৩১ জন দক্ষ কারিগর। পুরো কাজ শেষ করতে লেগেছে প্রায় ২৫৬ ঘণ্টা। নির্মাতাদের মতে, এটি শুধু একটি বিয়ের অলংকার নয়, বরং একটি বিশেষ স্মৃতি হিসেবে তৈরি করা হয়েছে, যা ভবিষ্যৎ প্রজন্মের কাছেও মূল্যবান হয়ে থাকবে।

গত ৫ জুলাই মুম্বাইয়ের পালি হিলে নিজের বাসভবনে গৌরী স্প্র্যাটকে বিয়ে করেন আমির খান। দুই পরিবারের সদস্য, তিন সন্তান ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে নিবন্ধনের মাধ্যমে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা। বিয়েতে অতিথির সংখ্যাও ছিল সীমিত।

বিয়ের ছবি ও ভিডিও প্রকাশ্যে আসার পর গৌরীর সাজের পাশাপাশি তার আঙুলের আংটিটি বিশেষভাবে নজরে পড়ে। অনেকে মনে করছেন, আমিরের এই উপহার শুধু দামি একটি গয়না নয়, বরং তাদের সম্পর্কের গভীরতা ও ভালোবাসার প্রতীক।

আমির খান ও গৌরী স্প্র্যাটের পরিচয় প্রায় ২৫ বছরের। দীর্ঘদিনের বন্ধুত্ব ধীরে ধীরে ভালোবাসায় রূপ নেয়। ২০২৫ সালে নিজের ৬০তম জন্মদিনে প্রথমবার গৌরীর সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ করেন আমির।

ঘরোয়া বিয়ের মধ্যেও ভালোবাসা, আবেগ আর বিশেষ মুহূর্তের কারণে আমির-গৌরীর বিয়ে এখন বিনোদন জগতের আলোচনার অন্যতম বিষয়। আর সেই আলোচনায় সবচেয়ে বেশি জায়গা করে নিয়েছে রুবি-হীরায় তৈরি গৌরীর বিশেষ আংটি।