তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর মহি এলদিন আহমেদ ফাহমি। বৃহস্পতিবার (৯ জুলাই) মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিস কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
তথ্যমন্ত্রী সাক্ষাৎকালে মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে সরকারের চিন্তাভাবনা ও গৃহীত কার্যক্রম রাষ্ট্রদূতের সামনে তুলে ধরেন। তিনি ডিজিটাল যুগে ভুলতথ্য ও অপতথ্য মোকাবিলায় যৌথ উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তিনি একই সঙ্গে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করাও জরুরি বলে মন্তব্য করেন।
মন্ত্রী এ সময় দুদেশের মধ্যে গণমাধ্যম বিষয়ে সহযোগিতা জোরদারে আগ্রহ প্রকাশ করেন। মিশরের রাষ্ট্রদূত বাংলাদেশ ও মিশরের মধ্যে ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করেন এবং এ সম্পর্ক আরো জোরদারে সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে তিনি দুই দেশের জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্ব দেন।





