গত কয়েকদিনের টানা ভারি বৃষ্টির পর দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে। তবে উত্তরাঞ্চলের কয়েকটি এলাকায় ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (১১ জুলাই) সকালে আবহাওয়া অধিদপ্তরের সংবাদ সম্মেলনে আবহাওয়াবিদ ড. মোহাম্মদ বজলুর রশিদ এ তথ্য জানান।
তিনি বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে পড়েছে। ফলে চট্টগ্রামসহ দক্ষিণাঞ্চলে অতিভারি বৃষ্টির সম্ভাবনা কমে এসেছে। এ কারণে ভারি বর্ষণের সতর্কবার্তাও তুলে নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, আগামী দু-এক দিনের মধ্যে দক্ষিণাঞ্চলের পরিস্থিতি আরও স্বাভাবিক হতে পারে। এ সময় নতুন করে পাহাড়ধস বা জলোচ্ছ্বাসের আশঙ্কা নেই।
তবে উত্তরাঞ্চলে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর ও ময়মনসিংহ বিভাগে বেশি বৃষ্টিপাত হতে পারে বলে জানান তিনি।
এদিকে, পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১৫৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটের জাফলংয়ে। বর্তমানে সাঙ্গু, কুশিয়ারা, মনু ও খোয়াই নদীর ছয়টি পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।





